তালাকপ্রাপ্তা মহিলা ইদ্দত পূর্ণ হওয়ার আগেই বিবাহ
প্রশ্ন
একটি তালাকপ্রাপ্তা মহিলা ইদ্দত পূর্ণ হওয়ার আগেই দ্বিতীয় স্বামীর নিকট বিবাহ বসেছে। প্রথমতঃ জানার বিষয়-তার বিবাহ জায়িয হয়েছে কি? বিবাহের পর সমাজের লোকেরা ঐ স্ত্রীর স্বামীকে সামাজিকভাবে বয়কট করেছে। কিছুদিন পর ঐ স্ত্রীর স্বামী সামাজিকভাবে তাওবা করেছে। এখন প্রশ্ন হল, তার তাওবা সঠিক হয়েছে কি? তার সাথে সমাজ করা জায়িয হবে কি-না?
উত্তর
তালাকপ্রাপ্তা মহিলার ইদ্দত চলাকালীন সময়ে অন্যত্র বিবাহ বসা সম্পূর্ণ নাজায়িয এবং হারাম। ইদ্দতের মধ্যে কেউ তাকে বিবাহ করলে সে বিবাহ সহীহ হবে না। স্বামী ও স্ত্রীকে মেলামেশা থেকে পৃথক রাখতে হবে। আর এ অপরাধের জন্য উভয়কে খালিস দিলে আল্লাহর দরবারে তওবা করতে হবে।
অতঃপর প্রথম স্বামীর ইদ্দত পূর্ণ হওয়ার পর ইচ্ছা করলে দ্বিতীয় স্বামী বিবাহের সকল শর্ত সহ পুনরায় বিবাহ করতে পারে। অবশ্য মেয়ে দ্বিতীয় স্বামী ব্যতীত অন্যত্র বিবাহ বসতে চাইলে তখন দ্বিতীয় স্বামীর থেকে পৃথক হওয়ার পর থেকে আরেকটি ইদ্দত পুনরায় পালন করতে হবে। কারণ, নেকাহে ফাসিদের পরও ইদ্দত পালন করতে হয়। সেই কথিত স্বামী যদি তাওবা করে, তাওবা কবুল হবে। তবে আগে উল্লেখিত শর্তগুলো পূরণ করতে হবে। তার তাওবা পূর্ণ হওয়ার পর তার সাথে সমাজ করা জায়িয হবে।
[প্রমাণঃ ফাতওয়া শামী ৩:৫১৯ #কিফায়াতুল মুফতী ৫:৩০৫]