ধোকা দিয়ে সম্পত্তি লিখে নেওয়া
প্রশ্ন
আমরা তিন ভাই। ছোট দুই ভাই মাকে নিয়ে নিজ বাড়ীতে থাকি। বড় ভাই অন্যত্র বসবাস করে। বড় ভাইয়ের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা করার কথা বলে একবার রেজিষ্ট্রি অফিসে নিয়ে যাই এবং তিন ভাইয়ের নামে তার সম্পত্তির দানপত্র লিখে ওষুধ ক্রয়ের অজুহাত দেখিয়ে মায়ের টিপসই নেই। পরে আমরা ছোট দুই ভাই মাকে নিয়ে সম্পত্তি ভোগ দখল করি। কিন্তু বড় ভাই মায়ের ভরন-পোষণ দেয় না এবং মায়ের সাথে অমানুষিক আচরণ করে। আমরা ছোট দুই ভাই বড় ভাইকে এ ব্যাপারে বহুবার সতর্ক করার পরও কোন লাভ হয়নি বরং সে আমাদের উপর রাগ করে এবং তার ভাগের জমি অন্য লোকের কাছে বিক্রি করবে বলে হুমকি দেয়। মা তখন দানপত্রের কথা জানতে পেরে দানপত্র বাতিলের জন্য আদালতে মামলা দায়ের করে এবং দানপত্র বাতিল হয়ে যায়। এরপর বড় ভাই মায়ের নামে আদলতে মামলা করে। এগার বছর পর মা নিজের পক্ষে মামলার রায় পায় এবং তার সম্পূর্ণ সম্পত্তি স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও সুস্থ অবস্থায় আমাদের ছোট দুই ভাইয়ের নামে লিখে দিয়ে কিছুদিন পর মৃত্যুবরণ করেন। আমরা ছোট দুই বাই ঐ সম্পত্তি ভোগ দখল করি। এখন কথা হচ্ছে উক্ত সম্পত্তি আমাদের ভোগ দখল করা বৈধ হবে কি?
উত্তর
বাস্তবেই যদি প্রথমবার বড় ভাইয়ের পরামর্শ অনুযায়ী মায়ের অজান্তে তার জমি গোপন সূত্রে আপনারা তিন ভাইয়ের নামে দানপত্রে রেজিষ্ট্রী করে থাকেন, তাহলে সে দানে মায়ের সম্মত্তি না থাকায় শরী‘আত অনুযায়ী তা সহীহ হয়নি; বরং মাকে ধোকা দিয়ে এ দানপত্র করার কারণে আপনারা মারাত্মক গুনাহগার হয়েছেন।
তবে পরবর্তীতে আপনাদের ছোট দু’ভাইকে তিনি যে দানপত্র করেছেন, তা যদি স্বজ্ঞানে ও স্বেচ্ছায় করে থাকেন এবং আপনাদেরকে সে সম্পত্তি মালিক বানিয়ে দখলসত্ব বুঝিয়ে দিয়ে থাকেন এবং আপনারাও বুঝে নিয়ে থাকেন, তাহলে এ দান সহীহ হয়েছে এবং অবাধ্যতা, ধোকাবাজি ও চরম বেয়াদবীর কারণে বড় ছেলেকে বঞ্চিত করাও আপনাদের মায়ের জন্য সঠিক হয়েছে। [প্রমাণঃ মিশকাত শরীফ ১:২৬১ #দুররে মুখতার ৫:৬৯৬, #হিন্দিয়া ৪:৩৯১, #খুলাসাতুল ফাতাওয়া ৪:৪০০, #আল বাহরুর রায়িক ৭:২৮৮, #ইমদাদুল ফাতাওয়া ৩:৪৭০]