ইয়াতীমের অংশ পৃথক না করে পিতার সম্পত্তি ব্যয় করা

মুফতী মনসূরুল হক সাহেব১৩ আগস্ট, ২০২৫মিরাস বন্টন, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

কোন ব্যক্তি নাবালিগ ইয়াতীম সন্তান রেখে মারা যাওয়ার পর সাধারণতঃ উক্ত ইয়াতীমের মা কিংবা বড় ভাই তার দায়িত্ব নিয়ে উক্ত মৃত ব্যক্তির ত্যাজ্য সম্পত্তি ইয়াতীম ও অন্যান্য ওয়ারিশদের মধ্যে বন্টন না করে একত্রিতভাবে সংসার পরিচালনা করতে থাকে এবং ইয়াতীমের অংশের আয় সাংসারিক কাজে ব্যয় করে বা ঐ মুহূর্তে উক্ত ইয়াতীম সন্তানের প্রয়োজন হয় না। কিন্তু সে বড় হওয়ার পর শুধু তার পিতার পরিত্যক্ত জমি, বাড়ী, নগদ অর্থ থেকে তার অংশ পৃথক করে দেয়া হয়। কিন্তু অন্যান্য সম্পদ যেমন, জমি, মিল, কারখানা দোকান ইত্যাদি থেকে বিগত বছর সমূহের অর্জিত অর্থের কোন অংশ দেয়া হয় না। শরী‘আতের দৃষ্টিতে এমনটি জায়িয কিনা? এ ক্ষেত্রে বড় ভাই কিংবা মা ইয়াতীমের মাল ভক্ষণের কারণে অপরাধী হবেন কিনা?

উত্তর

এ ব্যাপারে শরী‘আতের সিদ্ধান্ত হল, মাইয়্যিতের ইন্তেকালের পরপরই তার ত্যাজ্য সম্পত্তি সকল বালিগ ও নাবালিগ ওয়ারিশদের মধ্যে বন্টন করে দিতে হবে। অতঃপর ইয়াতীম ছেলেদের অংশ তার বড় ভাই বা তার মায়ের কাছে গচ্ছিত থাকবে। তিনি উক্ত মাল থেকে ইয়াতীমের খাওয়া, পড়া চিকিৎসা ও শিক্ষা-দীক্ষার জন্য প্রয়োজন মত খরচ করতে থাকবেন। তার সম্পদের অবশিষ্ট অংশ তার বালিগ হওয়া পর্যন্ত খুব ভালভাবে হিফাজত করবেন। বালিগ ও পূর্ণ জ্ঞানবুদ্ধি সম্পন্ন হওয়ার পর তার নিকট তা হস্তান্তর করবেন। শরী‘আতের উল্লেখিত বিধান অনুযায়ী ইয়াতীমের মাল থেকে তার নিজস্ব প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা বা তার ইজমালী সম্পদ থেকে দান-খয়রাত করা, মাইয়্যিতের সাওয়াব রিসানীর জন্য গরীব মিসকীনদের খাওয়ানো বা সংসারের বিভিন্ন প্রয়োজনে ব্যয় করতে থাকা, মেহমানদারী করা, সবই নাজায়িয ও হারাম। উক্ত কাজ ইয়াতীমের সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করার শামিল। পবিত্র কুরআনে এ সম্পর্কে কঠোর হুঁশিয়ারী এসেছে যে, যারা ইয়াতীমের মাল অবৈধভাবে ভক্ষণ করেছে, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাচ্ছে, এবং তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ কররে। (সূরা নিসা আয়াতঃ ১০)

সুতরাং, উক্ত মারাত্মক গুনাহ থেকে বাঁচার জন্য পূর্ব থেকেই ইয়াতীমের মাল নিজেদের সম্পদ থেকে পৃথক করে রাখা ও তার সঠিক হিসাব রাখা অপরিহার্য কর্তব্য।

ইয়াতীমের নিজস্ব প্রয়োজন ব্যতীত অন্য সকল খরচ বড় ভাই বা তার মা নিজস্ব মাল থেকে বহন করবে। আর তার প্রয়োজনীয় খরচ বাদে যা অবশিষ্ট থাকবে, তা ভালভাবে সংরক্ষণ করবে। [প্রমাণঃ কিফায়াতুল মুফতী ৮:১৮, #বেহেশতী জেওর ৭:৪২, #মাযহারী ২/২২৩]