হীলা বিবাহ এর হুকুম
প্রশ্ন
বর্তমান সমাজে লক্ষ্য করা যায়, স্ত্রীর সাথে ঝগড়া ফাসাদ করে বিবিকে তালাক দেয়। তারপর আবার তালাক দেওয়া স্ত্রীকে নিতে চায়, তখন হীলার নামে চুক্তি ভিক্তিক কারো নিকট স্ত্রীর বিবাহ হয়। ১ দিন তাকে রেখে বিবাহকারী চুক্তি অনুযায়ী বিবিকে তালাক দেয়, তারপর আগের স্বামী তাকে আবার তার ইদ্দত শেষে বিবাহ করে নেয়। এ বিবাহ শরী‘আত সম্মত হবে কি ? কোন সাহাবী রা. এ ধরণের হীলা বিবাহ করেছেন কি? এখানে আরেকটি বিষয় হলো, রাগ করে তালাক দিলেন স্বামী আর হীলা দিতে হয় স্ত্রীকে।অন্যায় একজনের, সাজা অন্যজনের কেন?
উত্তর
তিন তালাকের পর কোন মহিলাকে আগের স্বামীর নিকট পুনরায় বিবাহ বসতে হবে এমন কোন বাধ্যবাধকতা শরী‘আতে নেই বরং এরূপ শর্ত সাপেক্ষে কারো সাথে বিবাহ দেয়া যে- সহবাসের পর এই স্বামী তাকে তালাক দিয়ে দিবে এটা শরী‘আত সম্মত নয়। বরং এটা লানতের কাজ। হাদীস শরীফে এরূপ হালালা করনেওয়ালা ও করানেওয়ালা উভয়ের প্রতি অভিসষ্পাত করা হয়েছে। অবশ্য নাজায়েয ও গুনাহের কাজ হওয়া সত্ত্বেও কেউ এমন করলে আগের স্বামীর জন্য সে স্ত্রীকে বিবাহ করা হালাল হবে এটা ভিন্ন কথা।
আর সাহাবাহে কিরাম রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কথা-কাজের যথাযথ অনুসরণ-অনুকরণ করতেন। আর তিনি যে কাজ অপছন্দ করতেন সাহাবাগণ রা. তার ধারে কাছেও যেতেন না। সুতরাং যেই কাজের উপর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সেই কাজ সাহাবাদের মধ্যে সংঘঠিত হতে পারে না।
স্ত্রী প্রকৃতপক্ষে স্বামীর জন্য আল্লাহ তা‘আলার পক্ষ হতে বহু বড় নেয়ামত। আর আল্লাহর বিধান হল যে, যদি কেউ তার নিয়ামতের অবজ্ঞা করে তাহলে তার থেকে নিয়ামত ছিনিয়ে নেন। যেই নিষ্ঠুর স্বামী স্ত্রীর সামান্য ক্রটির কারণে রাগ হয়ে তার স্ত্রীর উপর তিনটি তালাক দিল। অথচ এক সাথে তিন তালাক দেয়া জরুরী নয় বরং এক সাথে তিন তালাক দেয়া হারাম এবং রাগের মাথায় তালাক দেয়া হারাম যদিও তা পড়ে যাবে। সে স্বামী আল্লাহর হুকুম অমান্য করল। আল্লাহ পাক এরূপ নিষ্ঠুর না শোকর স্বামীর জন্য ঐ স্ত্রীকে হারাম করে দিলেন এটা প্রকৃতপক্ষে স্ত্রীর শাস্তি নয় বরং স্বামীরই শাস্তি। সে প্রিয়তমা স্ত্রী থেকে বঞ্চিত হলো। তার সংসার নষ্ট হল, সুখ শান্তি শেষ হলো।
ছেলেমেয়ের পেরেশানী ও বদ দু‘আ কুড়াল, গালী শুনল এবং শ্বশুর পক্ষের ঝগড়ায় শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়ল। সুতরাং, এটা স্বামীর জন্যে মারাত্মক শাস্তি।
আর শরী‘আত স্ত্রীকে তিন তালাকের পর সম্পূর্ণ হারাম ঘোষণা করে প্রকারান্তরে স্ত্রীকে নির্দেশ দিল যে, যেই নিষ্ঠুর স্বামী তোমার সামান্য অন্যায়টুকু বরদাস্ত করলো না বরং তার তিনটা গুলিই তোমার বুকে মেরে দিল। এরূপ নিষ্ঠুর না শোকর যালিম স্বামীর নিকট তোমার থাকার দরকার নেই বরং তুমি অন্য কোন নেক বান্দার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। [সূরা বাকারা আয়াত ২৩০, মিশকাত ২৮৪]