দুই সূরার মাঝখানে একটি সূরা বাদ দিয়ে পড়া
প্রশ্ন
ছোট সূরার শুরু থেকে দুই এক আয়াত বাদ দিয়ে পড়া তেমনিভাবে দুই সূরার মাঝখানে একটি সূরা বাদ দিয়ে পড়া।
আমাদের এক ইমাম সাহেব মাগরিবের ফরজ নামায পড়াতে গিয়ে প্রথম রাকা’আতে সূরা “ক্বারিয়াহ” এর প্রথম ২ আয়াত বাদ দিয়ে বাকী অংশ দিয়ে এক রাক’আত শেষ করলেন। ২য় রাক’আতে মধ্যের এক সূরা অর্থাৎ সূরা তাকাসুর বাদ দিয়ে পরবর্তী সূরা “সূরা আসর” পড়ে নামায পড়লেন, এরপর ৩য় রাক’আত আাদায় করে নামায শেষ করলেন; কিন্তু সাহু সিজদা দেননি। এমতাবস্থায় নামায পরিপূর্ণভাবে আদায় হয়েছে কি?
উত্তর
ফরজ ও ওয়াজিব নামাযে সূরা ফাতিহার পর কিরা‘আতের ক্ষেত্রে দ্বিতীয় রাক’আতে সূরার মাঝখানে ছোট একটি সূরা বাদ দিয়ে পড়া, এমনিভাবে ছোট কোন সূরা থেকে কিছু অংশ বাদ দিয়ে পড়া মাকরুহে তানযীহী। আর ছোট সূরা বলতে ক্বিসারে মুফাসসালের সূরা সমূহ অর্থাৎ সূরায়ে যিলযাল থেকে সূরা নাস পর্যন্ত সূরা সমূহকে বুঝানো হয়। প্রশ্নে বর্ণিত অবস্থায় নামায সহীহ হয়ে যাবে, সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। তবে সূরা ক্বারিয়াহ দুই আয়াত বাদ দিয়ে পড়া এবং মাঝে সূরা তাকাসুর বাদ দিয়ে সূরা আসর পড়ার ফলে নামায মাকরূহে তানযীহী হয়েছে। এমনটি করা অনুচিত।
[প্রমাণঃ রদ্দুল মুহতার ১:৫৪৬, # আহসানুল ফাতাওয়া ৩:৮৫, # ফাতাওয়া রহীমিয়া ১:২৪৭, # আপকে মাসায়িল আওর উনকা হল ২:২০৯]
ويكره الفصل بسورة قصيرة و ان يقرأ منكوسا- [الدر المختار 1/546]
وكذا لو قرأ في الاولي من وسط سورة او من سورة اولها ثم قرأ في الثانية من وسط سورة اخري او من اولها او سورة قصيرة الاصح انه لا يكره لكن اولي ان لا يفعل من غير ضرورة – (رد المحتار:1/546)