একাকী বিবাহ করার হুকুম
প্রশ্ন
আমি একজন অবিবাহিত লোক। আমার ছোট বোন এবং বড়-ভাই থাকার কারণে পরিণত বয়সে বিয়ে করতে পারি নাই। আমি আগ্রহ প্রকাশ করলেও পরিবার থেকে তেমন সাড়া পাইনি। তাই পরিণত বয়সে বিয়ের সুযোগ না হওয়ায় আমি বাধ্য হয়ে অন্যায় কার্যকলাপ করে ফেলেছি।
এখন আমি একাকী বিয়ে করতে পারব কি? দয়া করে জানাবেন।
উত্তর
হাদীস শরীফে এসেছে সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়, তখন বিলম্ব না করে তাড়াতাড়ি বিবাহ করানো পিতার কর্তব্য। আর এমন অবস্থায় যদি পিতা সন্তানের বিবাহ-শাদীর কাজ সমাধা না করে আর তারা যদি কোন খারাপ কাজে লিপ্ত হয় তাহলে পিতা ঐ গুনাহের মধ্যে শামিল হবে। যেহেতু আপনি বিবাহের উপযুক্ত হয়েছেন, এবং আপনার জন্য বিবাহ করা জরুরী হয়ে পড়েছে, তাই আপনার পিতা যদি রাযী নাও থাকে তবুও আপনার পিতা ও আপনাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আপনার বিবাহ করা জরুরী এবং আপনি পরিণত বয়সে বিবাহ করতে পারতেন। এতে দোষের কিছু ছিল না। আর বর্তমান সমাজে যেটা দেখা যায় এটা শরী‘আত সম্মত নয়। বরং সমাজের কারণে যদি কোন ছেলে বিবাহ না করে গুনাহে লিপ্ত হয় তাহলে ছেলে নিজে এবং তার পিতা-মাতা সকলেই সেই গুনাহে শামিল হবে এবং এর জন্য দায়ী হবে।
[প্রমাণঃ মিশকাত ২:২৭১, ২:২৬৭ #ফাতওয়ায়ে আলমগিরী ১:২৭০ #আযীযুন ফাতওয়া ১:৪৬৬]