মাসাইল
১০০%

কবরে পুষ্প স্তবক অর্পণ করা

প্রশ্ন

আজকাল তো মৃত্যুবার্ষিকী পালন করা আর তার অংশ হিসেবে কবরে ফুল দেয়া, পুষ্প স্তবক অর্পণ করা একটি সাধারণ ব্যাপারে পরিণত হয়ে গেছে। নিয়মিত নামায কালাম করে এমন লোক ও দ্বিধাহীন চিত্তে এতে শরীক হচ্ছে। এটা যে শরী‘আত বিরোধী কাজ সেই অনুভূতিই আজ লোপ পেয়ে গেছে। তো আসলে শরী‘আতের ফায়সালা এ ব্যাপারে কি?

উত্তর

হাদীসের মধ্যে এতটুকু পাওয়া যায় যে, একবার রাসূলুল্লাহ ﷺ দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি ইরশাদ করলেন যে, এই উভয় কবরে আযাব হচ্ছে। অতঃপর তিনি খেজুর গাছের একটি তাজা ডাল মাঝখান থেকে চিরে প্রত্যেক কবরে এক একটি করে পুতে দিলেন আর ইরশাদ করলেন, আশা করা যায় যতদিন পর্যন্ত এটি শুকিয়ে না যাবে ততদিন তাদের আযাব কিছুটা লাঘব হবে। (বুখারী, মুসলিম, মিশকাত ৪২)

যদি কেউ এই হাদীসের উপর আমল করতে চায় তাহলে তার জন্য এতটুকু যথেষ্ট যে, সে কোন তাজা ডাল কবরে গেড়ে দেবে। যেমনটি নাকি দাফনের সময় করা হয়ে থাকে। কিন্তু ফুলের ব্যাপারটি কোথেকে এল? তাজা ডাল সহজ লভ্য। কিনতেও হয় না। ফুলতো কিনতে হয়। ফুল না কিনে সেই অর্থ যদি গরীবের জন্য ব্যয় করা হয় তাহলে মৃত ব্যক্তির জন্য তাতেই বেশী ফায়দা নিহিত রয়েছে। তাহলে বুঝা যাচ্ছে যে, ফুল সাওয়াব পৌঁছানোর জন্য নয় বরং মৃত ব্যক্তির নৈকট্য লাভের জন্য দেয়া হয়ে থাকে। যা হারাম হওয়া সম্পর্কে সন্দেহের কোন অবকাশ নেই। আর যদি প্রথা পালন হিসেবে করা হয়ে থাকে তাহলে অনর্থক মাল অপচয় ছাড়া আর কিছু নয়। এতে অমুসলিমদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা হয়। আর শরী‘আতে এটাও হারাম।

অনেক বিদ‘আতী কবরে ফুল দেয়ার ব্যাপারে আলোচ্য হাদীসকে দলীল হিসেবে পেশ করে থাকে। তাদের এই দলীল সহীহ নয়। কেননা রাসূলুল্লাহ ﷺ তো কবরে খেজুরের ডাল পুতেছিলেন, ফুল দেননি। তারা যদি নবীজীর নীতি অনুসরণ করতে চায় তাহলে খেজুরের ডাল পোতাই উচিৎ। কিন্তু এটা না করায় বুঝা গেল, সুন্নাতের অনুসরণ তাদের উদ্দেশ্য নয় বরং নব আবিষ্কারই তাদের উদ্দেশ্য।

দ্বিতীয় কথা হল, রাসূলুল্লাহ ﷺ এই আমলটি করেছিলেন দু’জন গুনাহগারের কবরের উপর। আর এখন যে ফুল দেয়া হয় তা সাধারণত বুযুর্গদের মাজারে বা কবরে। তাদের উদ্দেশ্য যদি নবীজীর অনুসরণ হত তাহলে তারা ফাসেক ফাজেরদের কবরে ফুল দিত কিন্তু তারা তা করে না। তাই মনগড়া এসব দলীল প্রমাণ খাড়া না করে এ ধরনের বিদ‘আত থেকে বিরত থাকা উচিৎ।

মাসআলা: দাফন করার পরে কবরে পানি ছিটিয়ে দেয়া জায়েয। ফুল দেয়া সুন্নতের পরিপন্থী। কবরে আগরবাতি জ্বালানো নিষিদ্ধ ও মকরূহ। (আপকে মাসাইল ১/৩১৬)