ত্রিশ হাজার যাহেরী ও ষাট হাজার বাতেনী কালামের বাস্তবতা
প্রশ্ন
অনেক লোক বলে কালাম নব্বই হাজার। ত্রিশ হাজার যাহেরী ও ষাট হাজার বাতেনী। কথাটা কতটুকু সত্য ?
উত্তর
নব্বই হাজার কালামের কথাটি সম্পূর্ণ মিথ্যা। কুরআন হাদীসে এর কোন প্রমাণ নেই। বস্তুতঃ নব্বই হাজার কালামের ব্যাপারটা হলো- ইসলামের নামে একটি ভ্রান্ত বাতিল ফেরকা আছে, তাদেরকে বলা হয় শি‘আ। তারা এ ধরনের বহু আজগুবি কথা হযরত আলী রাঃ এর নামে প্রচার করে থাকে যে, এ বাতেনী কালাম নবী সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লাম হযরত আলী রা. কে শিক্ষা দিয়েছিলেন। অথচ এগুলো একেবারেই মিথ্যা। হযরত আলীকে রা. তাঁর হায়াতে লোকেরা এ বিষয়ে জানতে চেয়েছিল। তিনি পরিষ্কারভাবে উত্তর দিয়েছিলেন যে, “যেই কুরআন সকলের নিকট আছে ঐ কুরআনের বাইরে তাঁর কাছে কোন কালাম নেই।”
তাছাড়া আমাদের দেশে তাসাউফের ব্যবসায়ী একদল ভন্ড পীর-ফকির আছে, তারা এরূপ কথা বলে থাকে যে, আমাদের এসব কথা আলেমরা বুঝে না। কারণ তারা বাতেনী কালাম সম্পর্কে কিছুই জানে না। তাই আলেমগণ আমাদের বিরোধিতা করেন। মোদ্দাকথা বর্ণিত কথার কোন দলীল নেই।
বাতিল ও ভন্ড লোকেরা তাদের মনগড়া মতবাদকে জাহিলদের মধ্যে চালু করার জন্য এ ধরনের অনেক আজগুবি কথার জন্ম দিয়েছে। [প্রমাণ: খইরুল ফাতওয়া ১ : ২৯৩]