স্ত্রী-স্বামীকে তুমি বলে সম্বোধন করা
প্রশ্ন
স্ত্রী স্বামীকে তূমি বলে সম্বোধন করতে পারে কি না? যদি তুমি বলে সম্বোধন করে, তবে এতে কোন গুনাহ হবে কি না? আপনি ও তুমির মধ্যে পার্থক্য কি?
উত্তর
স্ত্রী স্বীয় স্বামীকে তুমি বলে সম্বোধন করতে পারে, তবে আপনি বলে সম্বোধন করা অধিক উত্তম। কারণ, তুমি শব্দ দ্বারা স্বভাবতঃই মায়া-মমতা প্রকাশ পায়। পক্ষান্তরে আপনি বলে সম্বোধন করাতে স্বামীর প্রতি মহব্বতের পাশাপাশি সম্মান প্রকাশ পায়। আর স্বামীর প্রতি মায়ার পাশাপাশি সম্মান প্রদর্শন গুরুত্বপূর্ণ বিষয়, যদ্দরুন হাদীসে বলা হয়েছে, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা বৈধ হলে, স্ত্রীদেরকে নির্দেশ দেয়া হত নিজ স্বামীকে সিজদা করার জন্য। আপনি ও তুমির মধ্যে, পার্থক্য শুধু এতটুকু যে, আপনি সর্বদা বড়দের শানে তার সম্মান প্রদর্শনার্থে ব্যবহার করা হয়। আর তুমি, বিশেষতঃ ছোটদের ক্ষেত্রে মায়ামমতা প্রকাশার্থে প্রয়োগ করা হয়। আর বড়দের ক্ষেত্রে কদাচিৎ মায়ার অর্থে ব্যবহার করা হয়। উল্লেখ্য, শব্দের ব্যবহার একান্তই প্রথা ও পরিবেশের উপর নির্ভরশীল। সে হিসেবে কোন এলাকা বা পরিবেশে যদি তুমি শব্দটি অসম্মানজনক হয়, তাহলে সেরূপ পরিবেশে স্ত্রী স্বামীকে আপনি বলেই সম্মোধন করবে, তুমি বলতে পারবে না।