ওয়াকফ এর শর‘ঈ বিধান

মুফতী মনসূরুল হক সাহেব৪ জানুয়ারি, ২০২৬কসম ও মান্নত

প্রশ্ন

আমি নিজস্ব একটি প্লট মসজিদ নির্মাণের জন্য ওয়াকফ করার ইচ্ছা করেছিলাম এবং ওয়াকফ করার জন্য কিছু শর্ত আরোপ করেছিলাম। যেমন, আমার জীবদ্দশায় আমি নিজেই এর মুতাওয়াল্লী থাকব। আমার অনুপস্থিতিতে হক্কানী উলামায়ে কিরামের মনোনীত ব্যক্তি এর মুতাওয়াল্লী হবেন। আমার মসজিদের ইমাম নিয়োগের দায়িত্ব আমার ন্যস্ত থাকবে। মসজিদটি তাবলীগ জামাআতের মারকায হিসেবে থাকবে ইত্যাদি। তবে এ শর্তগুলো এলাকাবাসী মেনে নিতে রাজী নয়। এমতাবস্থায় আমার পূর্ববর্তী কথার দ্বারা উক্ত জমি মসজিদের জন্য ওয়াকফ হয়ে গিয়েছে কি-না? জানতে ইচ্ছুক।

উত্তর

কোন কিছু ওয়াকফ করার জন্য বিশেষ কিছু শব্দ রয়েছে। যেমন, আমি এ জমি ওয়াকফ করলাম অথবা এ জাতীয় অন্য কোন শব্দ। এ জাতীয় ওয়াকফ করার ইচ্ছা করার দ্বারাই ওয়াকফ করলে তা ওয়াকফ হয়ে যায়। কেবলমাত্র ওয়াকফ করার ইচ্ছা করার দ্বারাই ওয়াকফ হয় না। প্রশ্নের বর্ণনা অনুযায়ী জানা যায় যে, এখানে আপনি কেবল ওয়াকফ করার ইচ্ছা পোষণ করেছেন। মুখে ঘোষণা দেননি। সুতরাং, উক্ত জমির প্লট মসজিদের জন্য ওয়াকফ হয়নি।

ওয়াকফকারীর জন্য শরী‘আতসম্মত সবরকম শর্ত আরোপ করার অধিকার আছে এবং ওয়াকফকারী যেসব শর্ত আরোপ করবে, সেগুলো অবশ্যই পালনীয় হবে। অন্যদের তা অমান্য করার বিন্দুমাত্রও অবকাশ নেই। আর প্রশ্নে যেসব শর্ত উল্লেখ করা হয়েছে, সেগুলো শরী‘আত বিরোধী নয়। সুতরাং, ওয়াকফকারীর জন্য এসকল শর্ত আরোপ করা বৈধ। তিনি এ সকল শর্তের সাথে ওয়াকফ করলে সকলেরই এগুলো মানতে হবে। (প্রমাণঃ আদ-দুররুল মুখতার ৪:৩৪০/ ৩৪৩/ ৩৭৯ ও ৪৩৩, ফাতহুল কাদীর ৫:৪১৯, আহ্সানুল ফাতাওয়া ৬:৪২১)