বিবাহের উপকারীতা ও তার শরয়ী বিধান
প্রশ্ন
মানুষ কেন বিবাহ করে এবং তার উপর কখন বিবাহ করা ফরয হয়। কুরআন-সুন্নাহর আলোকে জানালে উপকৃত হবো।
উত্তর
বিবাহ আল্লাহ তা‘আলার অনেক বড় একটি নিয়ামত এবং গুরুত্বপূর্ণ ইবাদত। দ্বীন-দুনিয়া উভয় দিক থেকে এতে অসংখ্য ফায়দা ও উপকার নিহিত রয়েছে। কুরআন-হাদীসে বিবাহের উদ্দেশ্য ও উপকারিতা সম্পর্কে অনেক বর্ণনা এসেছে, যা দ্বারা বুঝা যায় যে, বিবাহ মানুষের পবিত্রতা, সতীত্ব, পরহেযগারী ও বংশ বৃদ্ধির মাধ্যম। বিবাহের দ্বারা মানুষ গুনাহ থেকে বাচঁতে পারে। অন্তর ঠিক হয়ে যায়। দ্বীনের উপর চলা অনেক সহজ হয়ে যায়। সবচেয়ে বড় কথা যে, বিবাহ অসংখ্য সাওয়াব ও উপকারীতার কারণ। স্বামী-স্ত্রীর এক সাথে বসে ভালবাসা পূর্ণ আলোচনা, হাসি-খুশী ও মন ভুলানো ইত্যাদি পর্যন্ত নফল নামাযের চেয়েও উত্তম।
স্বাভাবিক অবস্থায় অর্থাৎ যদি কামভাব তেমন বেশী না হয় এবং স্ত্রীর মহর খোর-পোষ দেয়ার ক্ষমতা থাকে তাহলে বিবাহ করা সুন্নাতে মুয়াক্কাদা। আর যদি কামভাব এমন বেশী হয় যে, বিবাহ না করলে গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল তাহলে বিবাহ করা ওয়াজিব। আর গুনাহে লিপ্ত হওয়ার নিশ্চিত হলে বিবাহ করা ফরয।
[প্রমাণঃ সূরা রুম ২১ #সূরা নিসা ২৪ #ফাতওয়া শামী ৩:৩৬ #বেহেশতী যেওর ৪:২ #আপকে মাসাইল আওর উনকা হল ৫:২৮]