অবাধ্য ছেলেকে তুলনামূক কম সম্পত্তি দেওয়া
প্রশ্ন
বড় ছেলে আমাকে পিতা বলে স্বীকার না করে বাড়ী থেকে ১৮ বছর বয়সে চলে যায়। তাছাড়া বড় ছেলে আমার অবাধ্য। সুতরাং, ন্যায় সঙ্গত কারণে আমি তার উপর অসন্তুস্ট। এমতাবস্থায় আমার সম্পত্তির বেশী অংশ ছোট ২ ছেলেকে স্বেচ্ছায় দান করে দিতে চাই এবং কিছু অংশ সবার জন্যই রাখতে চাই। বড় ছেলেকে ছোট দুই ছেলের পরিমাণের মতো সম্পত্তি না দিলে কোন অসুবিধা হবে কি-না? শরী‘আতের বিধান জানতে চাই।
উত্তর
বর্ণনা অনুযায়ী বড় ছেলে যদি সত্যিই আপনার এমন অবাধ্য হয় যে, আপনাকে পিতা বলে স্বীকার করতেও রাজী নয় বা আপনাকে বিভিন্নভাবে কষ্ট দেয়, তাহলে তাকে ওয়ারিশ থেকে একেবারে বঞ্চিত করা বা অংশ কম দেয়া জায়িয হবে। তবে আপনার হায়াতেই করতে হবে। যদি আপনি জীবদ্দশায় অন্যদের মধ্যে বন্টন না করে যান, তাহলে সে আপনার সম্পত্তির মধ্যে সমান অংশীদার হবে। যদিও আপনি ত্যাজ্য ঘোষণা করেন। উল্লেখ্য, যদি কোন সন্তান নাফরমান না হয় বা অন্য কোন শরয়ী কারণ না থাকে তাহলে সকল সন্তানকে সমান অংশ দেয়া জরুরী।
[প্রমাণঃ ইমদাদুল ফাতাওয়া ৩:৪৭০, ফাতাওয়া রাহীমিয়া ২:২৫৯, #আল বাহরুর রায়িক ৭:২৮৮]