অন্যের জিনিস মান্নত করা

মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬কসম ও মান্নত

প্রশ্ন

আমাদের এলাকায় এক মেয়েলোক তার ছেলের অসুখ হওয়ায় এই বলে মান্নত করল যে, যদি আমার ছেলের অসুখ ভাল হয়, তবে আমি ওমুক গরুটি আল্লাহর রাস্তায় কুরবানী করব। কিন্তু গরুটি ছিল তার স্বামীর। এখন ছেলেটি সুস্থ হওয়ার পর সেই গরু কুরবানী করা জরুরী কি-না? এবং উক্ত গরুর গোশ্‌ত খেতে পারবে কি-না?

উত্তর

ইসলামী শরী‘আতে স্বামী-স্ত্রীর মধ্য হতে প্রত্যেকের মালিকানা ভিন্ন। এমন কি সন্তানদের মালিকানাও ভিন্ন ভিন্ন। আর মান্নত সহীহ হওয়ার জন্য শর্ত হচ্ছে- যে জিনিসের মান্নত করা হয়, সে জিনিস মান্নতকারীর মালিকানাধীন হতে হয়। আর মহিলা যে গরুটি কুরবানী করার মান্নত করেছে, সেই গুরুটি যেহেতু তার মালিকানাভুক্ত নয়, তাই তার এ মান্নতও সহীহ হয়নি। সুতরাং উক্ত মহিলার জন্য এ মান্নত পূর্ণ করাও জরুরী নয়। তবে ছেলের অসুখ ভাল হলে আল্লাহ তা‘আলার শোকর আদায় করতে স্বরূপ স্বামীর অনুমতি সাপেক্ষে উক্ত গরু কুরবানী করতে পারে। আর উক্ত কুরবানীর গোশত সে নিজে খেতে পারবে, কারণ, এটা মান্নত হয়নি, বরং সাধারণ কুরবানী হয়েছে বিধায় তার গোশত অন্যান্য কুরবানীর গোশতের ন্যায় খাওয়া যাবে। (প্রমাণঃ আবু দাউদ শরীফ: ৪৭০, ফাতাওয়ায়ে তাতার খানিয়া ৫:৪২, বাদায়িউস সানায়ি ৫:৯০, জাওয়াহিরুল ফাতাওয়া ১:১২৫, ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ ১২:১৭০)

অন্যের জিনিস মান্নত করা | ইসলামী যিন্দেগী