রুগ্ন ব্যক্তির নামায আদায়
প্রশ্ন
আমার পিতা মারাত্মক ব্যাধিতে আক্রান্ত। তার স্মরণশক্তি দারুণভাবে লোপ পেয়েছে। অসুস্থতার কারণে তিনি বসে নামায আদায় করতে অক্ষম। শুয়ে নামায আদায় করতে গিয়েও প্রায়ই ভুল করেন। নির্ধারিত রাক’আত শেষ হওয়ার পূর্বেই সালাম ফিরিয়ে দেন অথবা কোন সূরা আরম্ভ করে মাঝখান থেকে বাদ দিয়ে দেন। এমতাবস্থায় আমরা যদি তার পার্শে দাঁড়িয়ে নামাযের আহকাম ও সূরা-কিরাআত বলে দেই, আর সে অনুযায়ী তিনি নামায শেষ করেন, তাহলে নামায শুদ্ধ হবে কি? আর যদি না হয়, তাহলে এরূপ রুগ্ন ব্যক্তির নামায আদায়ের পদ্ধতি কি হবে?
উত্তর
মানুষের জ্ঞান বুদ্ধি-যদি সম্পুর্ণ ঠিক থাকে তাহলে তার উপর নামায ফরয। তবে যদি সে শারীরিক দিক দিয়ে অক্ষম বা মা’যূর হয়, সে ক্ষেত্রে দাঁড়িয়ে নামায আদায়ে অক্ষম হলে শুয়ে শুয়ে আদায় করবে। এতেও যদি অক্ষম হয়, তাহলে পরবর্তীতে আদায় করে নিবে বা ওসীয়্যাত করে যাবে। কিন্তু যদি তার আকল-বুদ্ধি ও হুঁশ-জ্ঞান ঠিক না থাকে, যেমন- প্রশ্নে উল্লেখ করা হয়েছে, তাহলে এমন ব্যক্তির উপর আর নামায ফরয থাকে না। সুতরাং আপনার পিতার আকল বুদ্ধি সম্পূর্ণ ঠিক না থাকায় তার উপর নামায ফরয নয়। তবে আপনারা তাকে যেভাবে পড়াচ্ছেন, সেভাবে নামায পড়াতে থাকুন। ফরয না হলেও এর দ্বারা তিনি সাওয়াব পাবেন এবং উযরের কারণে তার নামায হয়ে যাবে। [প্রমাণ: ফাতাওয়ায়ে শামী ২:১০০ # তাকরীরাতে রাফেয়ী ১০৪]