হাউস মাছ ও শাপলা মাছ খাওয়া

মুফতী মনসূরুল হক সাহেব৩ জানুয়ারি, ২০২৬কুরবানী ও আক্বিকা, বিবিধ

প্রশ্ন

হাউস মাছ বা শাপলা মাছ খাওয়া জায়িয আছে কি-না? জানতে ইচ্ছুক।

উত্তর

আল্লাহ তা‘আলা তার বান্দার প্রতি যে সকল নেয়ামত সমূহ দান করেছেন মাছ তার মধ্যে অন্যতম। সকল প্রকারের মাছ খাওয়া তিনি হালাল করেছেন। তবে মাছের প্রকার অধিক হওয়ার কারণে এবং মাছের সংজ্ঞার ব্যাপারে একাধিক কাওল বা উক্তি থাকরা কারণে এবং অনেক সময় সামুদ্রিক প্রাণীর মধ্যে কোনটি মাছ এবং কোনটি মাছ নয়, তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। তাই এ সমস্যা সমাধানের জন্য ফুকহায়ে কিরামগণ মাছ চিহ্নিত করার একটি সাধারণ নিয়মের বর্ণনা দিয়েছেন। মৎস প্রধান এলাকায় সেখানকার প্রচলন বা পরিভাষায় যেটা মাছ নামে পরিচিত হবে, সেটাই মাছ বলে গণ্য হবে এবং তা খাওয়াও জায়িয হবে। তবে এর কোন প্রকারের মধ্যে বা কোনটার মধ্যে কোন প্রকার বিষাক্ত ক্রিয়া পাওয়া গেলে সেটা খাওয়া মাকরূহ হবে।

উল্লেখিত বিধান অনুযায়ী হাওস মাছকে যেহেতু আমাদের দেশের লোকেরা মাছ বলে এবং জেলেরাও এটাকে মাছ বলে বাজারে বিক্রয় করে এবং তার মধ্যে কোন প্রকার বিষক্রিয়া দেখা যায় না তাই এটা মাছ হিসাবেই গণ্য হবে এবং এটা খাওয়া জায়িয, এতে কোন প্রকার অসুবিধা নেই। তবে কারো তবীয়ত যদি এটা খেতে ঘৃনাবোধ হয়, তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার ব্যক্তিগত ঘৃণার কারণে এটাকে সে হারাম মনে করতে পারবে না। [প্রমাণঃ মাসবূত ১১:২৩০;ফাতাওয়া কাযী খান১:১৭৫; বাদায়েয়ুস সানায়ে ৫:৩৬]

হাউস মাছ ও শাপলা মাছ খাওয়া | ইসলামী যিন্দেগী