বিবাহ সহীহ হওয়ার পদ্ধতি
প্রশ্ন
জনৈক মেয়ের সাথে আমার সম্পর্ক গড়ে উঠে। শেষ পর্যন্ত আমরা দু’জন রেজিষ্ট্রি অফিসে গিয়ে আইনত বিবাহ রেজিষ্ট্রি করি। অনেকে বলে আমাদের এই বিবাহ সহীহ হয়নি। আমাদের এই বিবাহ সম্পর্কে আমাদের উভয়ের অভিভাবকগন অবগত নন। আমাদের বিবাহে আপত্তি থাকার কারণে আমি মেয়েটিকে তালাক দিতে চাই। তা ছাড়া আমার বর্তমান আয়-রোজগারও নেই। উল্লেখ্য, মেয়েটির আশ্রয় দেয়ার মত কেউ নেই।
উত্তর
বিবাহের যে সমস্ত শর্ত আছে তার মধ্যে একটি শর্ত হল, স্বজ্ঞান সাবালক দু‘জন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলা স্বাক্ষীর উপস্থিতিতে স্বামী-স্ত্রীর ঈজাব-কবুল করা। যদি দু’জন স্বাক্ষীর উপস্থিতিতে বিবাহ না হয়, তাহলে সে বিবাহ শরী‘আতের দৃষ্টিতে বৈধ নয়। এমতাবস্থায় উক্ত মহিলার সাথে মেলামেশা ও দেখা-সাক্ষাত কিছু জায়িয নয়। এতদিন তার সাথে দেখা-সাক্ষাত ও মেলামেশা জিনা হয়েছে। এখন থেকে আপনি তার থেকে সম্পুর্ণরূপে পৃথক হয়ে যাবেন এবং উভয়ে এ জঘণ্য অপরাধের জন্য অতিসত্বর তাওবা করে নিবেন। সাথে সাথে বিবাহের সকল শর্ত সহকারে স্বাক্ষীর উপস্থিতিতে দ্বিতীয় বার বিবাহ পরিয়ে নিবেন। আর যদি কাজী অফিসে দু’জন স্বাক্ষীর সামনে ইজাব-কবুলের মাধ্যমে আপনাদের বিয়ে হয়ে থাকে, তাহলে উক্ত বিবাহ সহীহ হয়ে গেছে। সন্দেহ করার দরকার নেই।
উপরোক্ত বর্ণনা অনুযায়ী বিবাহ সহী হয়ে থাকলে মেয়েটি আপনার স্ত্রী হয়ে গেছে। বিনা দোষে তাকে পরিত্যাগ করা যাবে না। আর যদি বিবাহ সহী না হয়ে থাকে তাহলে বিবাহ সহী করে মেয়েটির আশ্রয়ের ব্যবস্থা করলে তা আপনার নাজাতের উসিলা হতে পারে।
এ মুহুর্তে রোজগারের ব্যবস্থা নেই। ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। মেয়েটিও পর্দার ভিতরে থেকে হ্যাঁস-মুরগী পালন করতে পারবে। কাঁথা সেলাই বা মেশিনে কাজ করতে পারবে।
[প্রমাণঃ হিদায়া, ২:৩০৬# তাতার খানিয়া ২:৫৮১]