মদ ও সিনেমার ব্যবসার মাধ্যমে উপার্জিত টাকা হালাল কি-না?
Question
মদ ও সিনেমার ব্যবসার মাধ্যমে উপার্জিত টাকা হালাল কি-না? এবং জেনে-শুনে যারা তাদের নিকট থেকে মসজিদ মাদরাসার জন্য দান গ্রহণ করেন ও তাদের বাড়ীতে খাওয়া-দাওয়া করেন তাদের জন্য এটা জায়িয হবে কি-না? আর যদি কোন ইমাম সাহেব এসব করেন, তবে তাকে মসজিদে ইমাম হিসাবে বহাল রাখা ঠিক হবে কি-না?
Answer
মদ ও সিনেমার ব্যবসা উভয়টি হারাম সুতরাং, যার সম্পদের সম্পূর্ন অথবা বেশীর ভাগ বা অর্ধেক হারাম, তার বাড়ীতে দাওয়াত খাওয়া ও তার দান করা জায়িয নয়। কোন ইমাম জেনে-শুনে এসব নিষেধ অমান্য করলে মুসল্লিদের জন্য এমন ইমামের পিছনে নামায মাকরূহে তাহরীমী হবে। সুতরাং কর্তৃপক্ষের জন্য এমন ব্যক্তিকে ইমাম হিসাবে বহাল রাখাও জায়িয হবে না। এমনকি তার জন্য ইমামতী করাও মাকরূহে তাহরীমী হবে। আর যদি মদ ও সিনেমা ব্যবসায়ী ব্যক্তির অধিকাংশ সম্পদ হালাল হয়ে থাকে, তাহলে সে লোকের দান গ্রহণ অনুচিত হলেও হারাম হবে না। এক্ষেত্রে ইমাম সাহেবের বিরুদ্ধে কোন অভিযোগ করা সহীহ হবে না। কারণ, তিনি কোন হারাম কাজ করেননি। উল্লেখ্য, যার সম্পূর্ন টাকা-পয়সা হারাম, সে যদি উক্ত হারাম মাল দ্বারা মসজিদ নির্মান করেন, তাহলে উক্ত মসজিদ শর‘ঈ মসজিদ হবে না এবং সেখানে নামায পড়াও মাকরূহে তাহরীমী হবে। [মিশকাত শরীফ ১:১৬৭, ফাতাওয়া আলমগীরী ৫:৩৪৩, ফাতাওয়া মাহমূদিয়া ৮:২৫৬, কিফায়াতুল মুফতী ৩:১১১, ফাতাওয়া মাহমূদিয়া ১৪:১২৪, কিফায়াতুল মুফতী ৭:৬৪]