Masail
100%

বর্তমানে প্রচলিত তাবলীগ করা কি জরুরী?

Question

বর্তমানে সারা বিশ্বে যে তাবলীগের কাজ চালু রয়েছে তাতে অনেক ফায়দা হচ্ছে বলে আমরা জানি। অনেক বেনামাযী নামাযী হচ্ছে। অনেক বদদ্বীন লোক দ্বীনদ্বার হচ্ছে। অনেক বিধর্মী মুসলমান হচ্ছে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে কিছু লোক এর বিরোধিতা করে। তারা বলে এই তাবলীগ রাসূলের যুগে ছিল না। একশত বছর আগে এটা চালু হয়েছে। মদীনা থেকে নয় বরং ভারত থেকে এর উৎপত্তি হয়েছে। এ ধরনের আরো উদ্ভট কথা তারা বলে থাকে। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানের তাবলীগের কাজ কি সহীহ নয়?

যদি সহীহ হয়ে থাকে তাহলে এটা করা কতটুকু জরুরী? রাসূলুল্লাহ ﷺ এর যুগে এর কোন নমুনা ছিল কি? তাছাড়া কাকরাইল মসজিদ থেকে পরিচালিত জামা‘আতের সাথে জুড়ে তাবলীগ করা জরুরী নাকি অন্য কোনভাবে তাবলীগ করলেও যিম্মাদারী আদায় হয়ে যাবে?

Answer

তাবলীগ অর্থ হল প্রচার করা। ইসলামের সাথে একে যোগ করলে এর অর্থ দাঁড়ায় ইসলাম প্রচার করা। আল্লাহ রব্বুল আলামীন সমস্ত আম্বিয়ায়ে কেরামকে ইসলাম প্রচারের জন্যই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তারা যদি নবুওয়াত লাভ করার পরে তাবলীগ তথা এই প্রচারে আত্মনিয়োগ না করতেন তাহলে মানুষ কিভাবে দ্বীনের সন্ধান পেত এবং কিভাবে তারা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করত? কথায় বলে প্রচারেই প্রসার। প্রচার না করলে সেই জিনিষের প্রসার হয় না। ইসলামের তাবলীগ যদি বন্ধ হয়ে যায় তাহলে আস্তে আস্তে ইসলাম মানুষের অন্তর থেকে মুছে যাবে। পরিণতিতে মানুষের মধ্যে গোমরাহী ছড়িয়ে পড়বে। মানুষ দ্বীন থেকে দূরে সরে যাবে। আমাদের নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ﷺ সর্বশেষ নবী। তাঁর পরে আর কোন নবীর আগমন ঘটবে না। নবীজী ﷺ সারাটি জীবন মানুষের মধ্যে দ্বীন প্রচারের কাজে ব্যয় করেছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে যারা মুসলমান হয়েছিলেন তারাও এই দায়িত্বকে নিজের যিম্মাদারী মনে করে দাওয়াতের ময়দানে ছড়িয়ে পড়েছেন। মুসলমান হওয়ার পর পরই তাঁরা কাফেরদের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে দ্বীনের সুশীতল ছায়ার দিকে আমন্ত্রণ জানিয়েছেন। এই দাওয়াত দিতে গিয়ে তাদেরকে অকথ্য আর নির্মম অত্যাচার সহ্য করতে হয়েছে। সেসব অত্যাচারের কথা কল্পনা করলেও শরীর শিউরে ওঠে।

আমাদের নবী যেহেতু সর্বশেষ নবী; তাই তার পরে দ্বীনের এই দাওয়াতকে চালু রাখার দায়িত্ব তার উম্মতের উপর সোপর্দ করা হয়েছে। যে-ই নিজেকে শেষ নবীর উম্মত বলে দাবী করবে তার উপরেই যিম্মাদারী চলে আসবে অন্যকে দ্বীনের দিকে আহ্বান করার এবং আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেয়ার। উম্মতের জন্য নবীজীর অন্তরে যে ব্যথা আর দরদ ছিল সেই ব্যথা আর দরদ নিজের মধ্যে অনুভব না করা পর্যন্ত কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না।

আর যখন কারো অন্তরে সেই ব্যথা পয়দা হবে তখন সে উম্মতের দুর্দশা দেখে মোটেও নিশ্চুপ থাকতে পারবে না। নিজের নামাযকেই সে যথেষ্ট মনে করবে না। নিজের ইবাদত বন্দেগীতে সে পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারবে না। সমস্ত মুসলিম উম্মাহর জন্য তার মন কাঁদবে। সমস্ত মুসলিম উম্মাহকে কিভাবে পরিপূর্ণ দ্বীনের উপর আনা যায় সেজন্য সে নিজের জান-মাল খরচ করতেও দ্বিধান্বিত হবে না। যখন এই পরিস্থিতি সৃষ্টি হবে তখনই বুঝতে হবে যে, তার মধ্যে ইশকে রাসূলের বীজ অংকুরিত হতে শুরু করেছে।

স্বয়ং রাসূলুল্লাহ ﷺ দ্বীনের দাওয়াত দিতে যেয়ে কত কষ্ট সহ্য করেছেন তা আমরা কল্পনাও করতে পারব না। আল্লাহ তা‘আলা ইচ্ছা করলে তার প্রিয় হাবীবকে এত শত দুঃখ কষ্টে নিপতিত না করে এমনিতেই সকলকে হেদায়েত দিয়ে পারতেন। কিন্তু এটি তার কানুনের খেলাফ। দুনিয়ার সব কিছুকে তিনি আসবাবের সাথে জুড়ে দিয়েছেন। আসবাব অবলম্বন করে আল্লাহর উপর ভরসা করলে তিনি তার ফল দ্রুত দান করবেন। এই জন্যই তিনি স্বীয় হাবীব দ্বারা এত কষ্ট করিয়েছেন। রাসূলুল্লাহ ﷺ বিদায় হজের সময় কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতকে দায়িত্ব প্রদান করে গেছেন তাঁর এই মিশনকে নিজের মিশন বানানোর জন্য এবং তাঁর এই দাওয়াতকে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে দেয়ার জন্য। তাই দেখা যায় যে, রাসূলুল্লাহ ﷺ এর সোয়া লাখ সাহাবীর মধ্যে মাত্র দশ হাজার সাহাবীর কবর মক্কা ও মদীনায় আছে। অবশিষ্ট এক লাখ পনের হাজার সাহাবীর কবর বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। সুদুর রাশিয়া আর চীনের মত দুর্গম এলাকায়ও তাদের কবরের সন্ধান পাওয়া গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে নবীজীর সেই আহ্বানে সাড়া দিয়ে তারা নিজেদের যিম্মাদারী পালনের জন্য বাড়ি-ঘর আর দেশ মাতৃকা ছেড়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন, যাতে দ্বীন ইসলামের দাওয়াত সকল মানুষের কর্ণকুহরে পৌঁছে দেয়া যায়।

বলা বাহুল্য যে, তাদের সেই অক্লান্ত পরিশ্রম আর কুরবানীর কারণেই এই উপমহাদেশে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে এবং আমি আপনি মুসলমান হতে পেরেছি। আল্লাহ না করুন তারা যদি আমাদের মত বিবি-বাচ্চা আর সংসার আঁকড়ে ধরে স্ব স্ব এলাকায় পড়ে থাকতেন আর নিজেদের নামায-কালাম নিয়েই আত্মতুষ্টিতে ভুগতেন তাহলে আজ আমাদের পরিচয় কি হত? আমরা কি ইসলামের সন্ধান পেতাম?

তাহলে আসুন আজ আমরা চিন্তা করি যে, আজকের বিশ্বে সাত শত কোটি মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা সর্বোচ্চ দুইশ কোটি। অবশিষ্ট ৫০০ কোটি মানুষ অমুসলিম। তারা আল্লাহকে চেনে না, নবীকে মানে না, ইসলাম সম্পর্কে তাদের কোন ধারণা নেই। অনেকে বাপ দাদার পুরাতন ধর্ম আঁকড়ে আছে। অথচ আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা হচ্ছে, বান্দার নিকট থেকে তিনি ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণ করবেন না। অন্য কোন ধর্মের অনুসরণ করলে আখেরাতে তার মুক্তি নেই। এমতাবস্থায় আমি আপনি যদি তাদের নিকট দ্বীনের দাওয়াত নিয়ে না যাই; তাহলে তাদের মুক্তির ফি উপায় হবে? নবী তো আর আসবেন না, নবীর যিম্মাদারী এই উম্মতকে সোপর্দ করা হয়েছে। সেই উম্মত এখন নিজেকে নিয়ে ব্যস্ত। নিজে কোন রকমে পাঁচ ওয়াক্ত নামায পড়তে পারলেই সেটাকে মুক্তির জন্য যথেষ্ট মনে করছে। এভাবে কি কিয়ামতের ময়দানে নবীজীর শাফাআতের আশা করা যায়?

আল্লাহ তা‘আলা কুরআনে পাকে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে এমন একটি জামা‘আত থাকা জরুরী, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। আর তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। তারাই হচ্ছে প্রকৃত সফলকাম জামা‘আত। (সূরা আলে ইমরান আয়াত ১০৪)

উল্লেখ্য যে, মূল তাবলীগের কাজ প্রতি যুগেই চালু ছিল। তাবলীগের কাজ কখনো বন্ধ হয়নি। তবে স্থান-কাল-পাত্র হিসাবে একেক দেশে, একেক যুগে, একেক ভাবে এই কাজ হয়েছে। যে দেশের জন্য যে যুগে যেভাবে মুনাসিব এবং যুক্তিযুক্ত সেভাবেই আল্লাহ তা‘আলা স্বীয় প্রিয় বান্দাদের দ্বারা এই কাজ করিয়ে নিয়েছেন। উক্ত যুগের আলেমদের অন্তরে আল্লাহ তা‘আলা কাজের পদ্ধতি ও নকশাকে ইলহাম করেছেন ফলে তারা সেভাবেই তাবলীগের কাজকে এগিয়ে নিয়ে গেছেন।

সর্বশেষ ভারতবর্ষে ইংরেজদের আগ্রাসনে যখন অগণিত মসজিদ মাদরাসা ক্ষতিগ্রস্ত হল এবং অসংখ্য উলামায়ে কেরামকে ফাঁসি দেয়া হল কিংবা মাল্টা আর কালাপানিতে নির্বাসন দেয়া হল, তখন ইসলামের তাবলীগ কিভাবে করলে তা সর্বসাধারণের জন্য উপকারী হবে তার একটা নকশা আল্লাহ পাক এদেশের উলামায়ে কেরামের অন্তরে ঢেলে দিলেন। উলামায়ে কেরাম যখন সেই নকশা অনুযায়ী তাবলীগের মেহনত শুরু করল তখন সত্যিই জনগণের মধ্যে অভূতপূর্ব পরিবর্তন পরিলক্ষিত হতে লাগল। বুঝা গেল এই যুগের জন্য এভাবেই তাবলীগের মেহনতের মধ্যে সফলতা নিহিত ছিল বিধায় আল্লাহ পাক এই পদ্ধতি স্বীয় প্রিয় বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুতরাং কেউ যদি এখন প্রশ্ন করে যে, ১৩০০ বছর আগে তো এই তাবলীগ ছিল না, এখন এই তাবলীগ কোথা থেকে আসল? তাহলে তার এই প্রশ্ন হবে মূর্খতার পরিচায়ক। কেননা, তাবলীগ তো সব সময়েই ছিল। শুধু সিষ্টেমের পরিবর্তন হয়েছে। তাছাড়া এখন যে পদ্ধতিতে তাবলীগের মেহনত হচ্ছে তার সবই যে নতুন তাও নয়। বরং এর অনেক কিছুই রাসূলুল্লাহ ﷺ থেকে সুপ্রমাণিত। এক চিল্লা, তিন চিল্লা, উমুমী গাশত, খুসুসী গাশত, জামা‘আত পাঠানো, তাদের একজনকে আমীর বানানো, জামা‘আত ফিরে আসার পরে তাদের নিকট থেকে আবার কারগুজারী শোনা; এসবই নবীজীর আমল দ্বারা প্রমাণিত।

কিছু লোক আছে যারা বর্তমানের তাবলীগের নাম শুনতে পারে না। যারা তাবলীগ করে তাদেরকে ভাল চোখে দেখে না। এমনকি তাদেরকে মসজিদেও থাকতে দেয় না। তারা বলে এই তাবলীগের কোন দরকার নেই। এই তাবলীগ রাসূলের যুগে ছিল না। তাবলীগওয়ালারা মসজিদে থাকে, খায়, ঘুমায়। তারা মসজিদকে অপবিত্র করে। ঘর-বাড়ি, বিবি-বাচ্চা ছেড়ে এভাবে মসজিদে মসজিদে ঘোরার কি দরকার আছে? এসব তো তারা নিজের বাড়িতে বসেই করতে পারে। এধরনের আরো শত শত প্রশ্ন তাদের মনের মধ্যে ভীড় করে, তাই তারা তাবলীগের ধারে কাছেও ঘেষে না। এতে তারা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে। তাবলীগওয়ালাদেরকে মসজিদ থেকে তাড়াতে পারলে মনে মনে খুব খুশি হয় যে, সাংঘাতিক সাওয়াবের কাজ করে ফেলেছি। আল্লাহর ঘরকে অপবিত্র হওয়া থেকে হেফাজত করেছি।

যারা আজ তাবলীগের বিরোধিতা করেন তারা মূলতঃ দুটি কারণে এর বিরোধিতা করেন। একটি কারণ হচ্ছে তারা অতি নিকট থেকে এই কাজকে না দেখার কারণে এবং সরাসরি এই কাজে জড়িত না হওয়ার কারণে এই কাজ সম্পর্কে বিভিন্ন সন্দেহ আর প্রশ্ন তাদের মনে দানা বেঁধে আছে। তারা যদি মাসে মাসে তিন দিন করে এতে সময় লাগাতেন এবং সক্রিয়ভাবে জড়িত হতেন তাহলে তাদের আপত্তি আর বিরূপভাব অনেকটাই দূর হয়ে যেত। আর দ্বিতীয় কারণ হচ্ছে, তাবলীগের মেহনতের সাথে জড়িত কিছু ভায়ের ব্যক্তিগত আচার আচরণে তারা ক্ষুদ্ধ। তাবলীগের সাথে জড়িত হওয়ার পরেও তারা যেহেতু কিছুটা আপত্তিকর কাজ করে থাকেন তাই ঐসব ভাইরা পুরা তাবলীগটাকেই বাঁকা চোখে দেখে থাকেন। অথচ এটা যে একটা ভুল থিউরী তা আর বলার অপেক্ষা রাখে না। কেননা, দু’একজনের ব্যক্তিগত আমলের কারণে পুরা কাজটাকেই তো আর খারাপ বলা যায় না। তাছাড়া তাবলীগের মেহনতের কারণে সারা বিশ্বব্যাপী আজ পরিবর্তনের যে ঢেউ লেগেছে, তা যদি তাদের জানা থাকত তাহলে কখনো তারা তাবলীগের বিরুদ্ধাচরণ করতেন না।

আমাদের সমাজের চারপাশে আমরা যদি একটু গভীরভাবে দৃষ্টি বুলাই তাহলে আমরা অতি সহজেই উপলব্ধি করতে পারব যে, দাওয়াত ও তাবলীগের এই মেহনতের কারণে লাখো-কোটি অবুঝ, বদদ্বীন, ইংরেজি শিক্ষিত মডার্ণ লোক, এমনকি দ্বীনের নাম শুনতে অপ্রস্তুত এমন লোকেরাও দ্বীনের আহকামসমূহ পুরাপুরি গ্রহণ করে দ্বীনদারীর সুশীতল ছায়ায় আশ্রয় নিচ্ছেন। তারা পিছনের যিন্দেগীর উপর অনুতপ্ত হয়ে পূর্ণ দ্বীনদারীর উপর চলার জন্য অপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন। নিজেদের ছেলে-মেয়েদেরকে দুনিয়াবী পেটভোজী শিক্ষায় শিক্ষিত না করে আল্লাহ ও তার রাসূলের কালাম শিক্ষার জন্য কওমী মাদরাসায় হক্কানী আলেম বানিয়ে দ্বীনের খেদমতের জন্য ছেড়ে দিয়েছেন।

ইউরোপ-আমেরিকায় লাখ লাখ মানুষের জীবনে এই তাবলীগের মেহনতের কারণে আমূল পরিবর্তন এসেছে। হাজার হাজার ইহুদী-খ্রিস্টান ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছে। তারা অভিযোগ করে বলছে যে, হে মুসলমানরা! তোমরা যদি আরো ১০/২০ বছর আগে আমাদের দেশে এই মেহনত নিয়ে আসতে তাহলে হয়ত আমাদের মা-বাপও ইসলাম গ্রহণ করে ধন্য হত। তোমরা না আসায় তারা বেদ্বীন হয়ে মারা হয়ে গেছে। কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে আমরা আল্লাহ পাকের দরবারে বিচার দায়ের করব যে, ইসলামের মত মহা দৌলত লাভ করা সত্ত্বেও তোমরা তা নিয়ে নিজেদের দেশে বসে ছিলে।

মুহতারাম বন্ধু। এখন আপনিই বলুন, তাবলীগের এই মেহনতে আপনার কি কোন ক্ষতি হয়েছে? আপনার মসজিদে জামা‘আত আসলে আপনি হয়ত নারাজ হন। তাদের ভুল ধরতে আপনি উঠে পড়ে লাগেন। মসজিদের বেআদবী হচ্ছে বলে আপনি শোরগোল করতে থাকেন। মসজিদের জন্য আপনার বড়ই দরদ। কিন্তু মসজিদ তো আল্লাহর ঘর। এই ঘরের যদি কোন বেআদবী হয় তাহলে আল্লাহপাক সেটা মাফ করে দিতে পারেন। পক্ষান্তরে একটা মানুষ যদি বে-নামাযী হয়ে, বে-ঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তাহলে তাকে কি আল্লাহ পাক মাফ করবেন? কক্ষণো নয়।

তাবলীগের মেহনতে এসে এলাকার অনেক বড় বড় সন্ত্রাসী-মাস্তান তাদের জীবনকে পরিবর্তন করে ফেলেছে। অনেক সুদখোর-ঘুষখোর তাদের এই কু-অভ্যাস থেকে তাওবা করে নির্মল সুন্দর জীবন বেছে নিয়েছে। আপনার ছেলে যদি বে-নামাযী হয়ে থাকে, সন্ত্রাসী আর চাঁদাবাজ হয়ে থাকে, আপনার অবাধ্য হয়ে থাকে, আপনি কোনভাবেই তাকে লাইনে আনতে পারছেন না; তাহলে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি তাকে এক চিল্লা কিংবা তিন চিল্লায় পাঠিয়ে দিন। দেখবেন সে অন্য রকম হয়ে বাড়িতে ফিরে এসেছে।

দূর্নীতি দমন করার জন্য সরকার দুর্নীতি দমন কমিশন গঠন করেছেন। কিন্তু সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে তাকে তাড়াবে কি দিয়ে? আল্লাহর নামে শপথ করে বলতে পারি; বড় বড় আমলা, সচিব, কর্মকর্তা-কর্মচারীকে তাবলীগের মেহনতের সাথে জুড়ে দিন, দেখবেন দেশ থেকে দূর্নীতি খতম হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে পয়দা না হয় তাহলে কানুন দিয়ে কোন কিছু হয় না। তাবলীগের মেহনতে আর কিছু না হোক অন্তত আল্লাহর ভয় মনে পয়দা হয়। 

তাবলীগের মেহনতে মানুষের জীবনে কতটুকু পরিবর্তন হয়েছে তার কিছু নমুনা যদি আপনি দেখতে চান তাহলে এক সময় আমাদের মাদরাসায় চলে আসুন। এখানে আপনি এমন অনেক লোকের সন্ধান পাবেন যাদের বিগত জীবনের কাহিনী শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। কিন্তু তাবলীগের মেহনতে সম্পৃক্ত হওয়ার কারণে এখন তিনি অন্য জগতের মানুষ। আপনি হয়ত মনে করছেন আমার দুটো বাড়ি আছে ঢাকা শহরে।

বাড়ির ভাড়া তুলব আর খাব, আর আযান হলে মসজিদে যেয়ে কোন রকমে নামাযটা পড়ে আসব, ব্যস আমার দায়িত্ব শেষ। আমি পাক্কা মুসলমান। না বন্ধু, কখনো নয়। এমন ধারণা যদি আপনি করে থাকেন তাহলে মস্ত বড় ভুলের মধ্যে আছেন আপনি। শুধু নামায পড়েই জান্নাতে যাওয়া যাবে না। উম্মতে মুহাম্মাদী হিসাবে আপনার কাঁধে অনেক গুরুদায়িত্ব রয়েছে। আপনার পরিবারের সকলে নামাযী আর দ্বীনদার হল কিনা সেই ফিকির আপনাকে করতে হবে। আপনার এলাকার সকল মানুষ পরিপূর্ণ দ্বীনের উপর চলে কিনা সেই ফিকির করার দায়িত্বও আপনার। এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে যাওয়া, তাদেরকে দ্বীনের দাওয়াত দেয়া, নামাযের জন্য বলা, পর্দার জন্য বলা আপনার উপর ফরজ। আপনি কোনভাবেই এই দায়িত্বকে এড়িয়ে যেতে পারেন না। আপনার মহল্লার মসজিদে যদি কখনো জামা‘আত আসে তাহলে আপনার খুশি হওয়া দরকার যে, মহল্লার বাসিন্দা হিসাবে আমারই উচিৎ ছিল সব বাড়িতে বাড়িতে যাওয়া। কিন্তু আমি নিজের অলসতার কারণে তা পারছি না। তাবলীগের ভায়েরা এসে আমার সেই কাজকে সহজ করে দিচ্ছেন। আপনার উচিৎ সর্বতোভাবে তাদেরকে সাহায্য করা। তাদেরকে কমপক্ষে একবেলা দাওয়াত করে খাওয়ানো। তাদের সাথে কিছু সময় উঠা-বসা করা।

আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে, তারা আরামের বাড়ি-ঘর ছেড়ে, মা-বোনের রান্না করা খাবার ছেড়ে মসজিদে এসে আগুনে পুড়ে নিজেরা কেন রান্না করতে যায়, ভাঙ্গা চোরা মসজিদে যেখানে বিদ্যুত নেই, বাথরুম নেই, পাখা নেই, এমনকি অনেক মসজিদে বেড়া পর্যন্ত নেই, সেখানে তারা নিজের খেয়ে নিজের পরে কিসের নেশায় পড়ে থাকে? এটা আপনার চিন্তা করা দরকার। ৫০/৬০ বছর যাবত ভুল নামায পড়ে এসেছে, সূরা কিরাআত ভুল পড়ে এসেছে; এখন তাবলীগে এসে যখন তার সেই ভুল ধরা পড়ে তখন তার আর আফসোসের সীমা থাকে না যে, হায়। আরো আগে কেন চিল্লায় বের হলাম না। আউযুবিল্লাহ-বিসমিল্লাহ ঠিক করতেই তার এক চিল্লা শেষ হয়ে যায়। সেই ব্যক্তি বোঝে তাবলীগের মেহনত কত জরুরী।

কিন্তু আপনি তো কখনো এসব নিয়ে মাথা ঘামান না, আপনি আযান শুনে মসজিদে এসে সামনের কাতারে নামায পড়ছেন আর নামায শেষে বাড়িতে গিয়ে আয়েশ করে টিভি দেখছেন। স্ত্রী-কন্যা সব বেপর্দা বেহায়াপনায় হাবুডুবু খাচ্ছে। তাদের নিয়ে আপনার কোন মাথা ব্যাথা নেই। তাই তাবলীগ কি জিনিষ আপনার তা বুঝে আসে না। তাদেরকে ঝেটিয়ে মসজিদ থেকে বের করতে পারলে আপনার মনে শান্তি লাগে। সাবধান! সাবধান। এরকম ভুল করবেন না। এখনো সময় আছে। নিজের সংশোধনের প্রতি মনোনিবেশ করুন।

মানুষ যে পরিবেশে থাকে সেই পরিবেশে থেকে নিজের মধ্যে পরিবর্তন আনা অনেকটা দুষ্কর। তাই লোকদেরকে বাড়ি থেকে বের করে কোন মসজিদে তিন দিন, দশ দিন রাখা হয়। এই কদিন আল্লাহর ঘরে থেকে, আল্লাহ ও তার রাসূলের কথা শুনতে শুনতে তার মনে একটা পরিবর্তন আসে। সে আস্তে আস্তে দ্বীনের প্রতি আগ্রহী হয়। আপনি যদি মনে করেন যে, এরা এখানে এসে যা করছে তাতো বাড়িতে থেকেও করতে পারত। এখানে আসার দরকার কি ছিল? না, আপনার এ ধারণা ভুল। তারা এখানে এসে নিরিবিলি পরিবেশে কিছুটা দ্বীন শেখার সুযোগ পায় যা বাড়ির পরিবেশে থেকে শিক্ষা করা সম্ভব ছিল না।

আপনার মনে প্রশ্ন জাগে আমরাতো নামায পড়ি। তাবলীগের লোকেরা আমাদের কাছে কিসের দাওয়াত নিয়ে আসে? যারা নামায পড়েনা তাদের নিকট এরা কেন যায় না? মনে রাখবেন আপনার এই প্রশ্নও অজ্ঞতাপ্রসূত। কেননা, প্রথম কথা হচ্ছে, তাবলীগের লোকেরা বেনামাযীদের নিকট যে দাওয়াত নিয়ে যায় না এমন নয়। তারা সব শ্রেণীর লোকদের নিকটেই দাওয়াত নিয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার নিকট দাওয়াত নিয়ে এলে আপনি এই জন্য অসন্তুষ্ট হন যে, আমি তো নামায পড়ি। আমাকে আবার দাওয়াত দেয়ার কি দরকার! আপনার এই খেয়ালও ভ্রান্ত। কেননা, আপনি শুধু নামায পড়েই আত্মতুষ্টিতে ভুগছেন যে, আমি ধর্মের পথে আছি। কিন্তু ইসলাম তো শুধু নামায পড়ার নাম নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূলের হুকুম ও সুন্নতকে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ  তা‘আলা কুরআনে কারীমে ইরশাদ করেছেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর এবং শয়তানের পদাংক অনুসরণ কর না। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। (সূরায়ে বাকারা)

এবার আপনি চিন্তা করুন, আপনি পাঁচ ওয়াক্ত নামায ঠিকই পড়েন কিন্তু পরিপূর্ণ ইসলাম কি আপনার মধ্যে আছে? আপনার বাড়িতে হয়ত পর্দা নেই। আপনার স্ত্রী কন্যা হয়ত বেপর্দা থাকে। অথচ পর্দা করা ফরজ। আপনি হয়ত সহীহ শুদ্ধভাবে কুরআন শরীফ তিলাওয়াত করতে পারেন না। টিভির প্রোগ্রাম দেখে হয়ত আপনার সময় কাটে। এভাবে দ্বীনী অন্যান্য বিষয়ে আপনার মধ্যে ত্রুটি থাকতে পারে। এমতাবস্থায় তাবলীগওয়ালারা যদি আপনার নিকট দাওয়াত নিয়ে আসে আর আপনি যদি তাদের দাওয়াতে সাড়া দিয়ে তাদের সাথে উঠা-বসা করে নিজের এসব ত্রুটি-বিচ্যুতি শুধরে নিতে পারেন তাহলে এতে কি দোষের কিছু আছে?

মুসলমান হিসাবে শুধু নামায পড়াটাই যদি মুক্তির জন্য যথেষ্ট হত তাহলে স্বয়ং রাসূলুল্লাহ ﷺ এবং তার সাহাবায়ে কেরামের এত মেহনত করার কিইবা প্রয়োজন ছিল? তারাতো জান্নাতের সুসংবাদ পেয়েই গিয়েছিলেন। বাড়িতে বসে থাকলেও চলত। কিন্তু তারা জানতেন যে, অন্যের ফিকির করার দায়িত্বও আমাদের।

তবে আপনাকে আমি একথা বলি না যে, কাকরাইল থেকে যে তাবলীগের কাজ পরিচালিত হচ্ছে সেই কাজে অবশ্যই অংশ নিতে হবে নতুবা তাবলীগের যিম্মাদারী আদায় হবে না। কেননা, শরী‘আতের দৃষ্টিতে দাওয়াতের কাজের জন্য নির্ধারিত বা অবধারিত বিশেষ কোন তারতীব নেই। বরং ইসলাম সমর্থিত যে কোন তারতীবেই দাওয়াতের কাজ করা যায়। রাসূলুল্লাহ ﷺ এর যামানায় দাওয়াতের কাজ বিভিন্ন তারতীবে করা হত। রাসূলুল্লাহ ﷺ কখনো মহল্লায় মহল্লায়, দ্বারে দ্বারে গিয়ে ঈমানের দাওয়াত দিতেন। আবার কখনো কাফেরদের কোন মজলিসে গিয়ে ওয়াজ-নসীহতের মাধ্যমে দ্বীনের দাওয়াত পৌছাতেন। আবার কখনো সকলকে একত্রিত করে জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের ভীতি প্রদর্শন করতেন এবং দ্বীনের উপর চলার জন্য উদ্বুদ্ধ করতেন। আবার কখনো নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় যেয়ে দাওয়াত দিতেন। অনুরূপভাবে নাবীয়ে কারীম ﷺ সাহাবায়ে কেরামের জামা‘আত বিভিন্ন এলাকায় বা গোত্রের নিকট কিংবা বিশেষ কোন ব্যক্তির নিকট পাঠিয়েও দ্বীনের দাওয়াত পৌঁছানোর কাজ আঞ্জাম দিয়েছেন।

দ্বীনী দাওয়াতের তাগীদে রাসূলুল্লাহ ﷺ প্রয়োজনবোধে হিজরতও করেছেন। আবার কখনো চিঠির মাধ্যমে বিভিন্ন গোত্রের সরদার ও রাজা-বাদশাহদের নিকট দাওয়াত পৌঁছে দিয়েছেন। অনুরূপভাবে জিহাদের মাধ্যমেও “আমর বিল মা‘রুফ আর নাহি আনিল মুনকার” এর কাজ করেছেন। মোটকথা, নবীজীর যুগে দাওয়াতের কাজ নির্দিষ্ট এক তারতীবে সীমাবদ্ধ ছিল না। বরং অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন তরীকায় দাওয়াতের কাজ করা হয়েছে।

বর্তমানে প্রচলিত তাবলীগী জামা‘আত দ্বারা যেহেতু বিশ্বের আনাচে কানাচে দ্বীনের কাজ চলছে, আর এর তরজ তরীকা শরী‘আতের কোন বিধানের পরিপন্থীও নয়। বরং তা বিজ্ঞ উলামায়ে কেরামের কুরআন ও সুন্নতের ভিত্তিতে চিন্তা-ফিকির দ্বারা প্রতিষ্ঠিত এবং তাদের পরামর্শের ভিত্তিতে পরিচালিত। সুতরাং তাবলীগ জামা‘আতের নিয়ম নীতি সম্পূর্ণ সঠিক। তাবলীগের প্রতিটি কাজের নমুনা রাসূলুল্লাহ ﷺ এর আমল থেকে সংগৃহিত। তবে একথা মনে রাখা দরকার যে, তাবলীগ জামা‘আতের মেহনত দ্বীনী দাওয়াতের জবরদস্ত অংশ হলেও দাওয়াতের কাজ শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নয়। তাই কেউ যদি তাবলীগের সাথে কোন সম্পর্ক না রেখে ব্যক্তিগতভাবে দাওয়াতের কাজ করতে থাকে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে থাকে তাহলেও তার দাওয়াতী দায়িত্ব ও যিম্মাদারী আদায় হয়ে যাবে। তবে একথা অনস্বীকার্য যে, জামা‘আতের সাথে থাকার ফায়দা ও খায়ের বরকত আলাদা। তা হাসিল করতে হলে হক্কানী জামা‘আতের সাথে জুড়ে থাকা কর্তব্য। কোন কারণ বশতঃ আপনি যদি তাবলীগের মেহনতের সাথে না জুড়ে একাকী বা অন্যভাবে দ্বীনের মেহনত করতে চান তো করতে পারেন, কিন্তু তাবলীগের এই মেহনতকেও সমর্থন করতে হবে। এটাকে হক বলে বিশ্বাস রাখতে হবে।

অনেক জায়গায় নামাযের পরপরই মসজিদ বন্ধ করে দেয়া হয়। মসজিদের ভেতরে কোন তালীম বা বয়ান করতে দেয়া হয় না। এটা মোটেও ঠিক নয়। কেননা, মসজিদ তো বন্ধ করে রাখার জন্য নয়। মসজিদে নামায হবে, তালীম হবে, দ্বীনের কথা আলোচনা হবে, সব সময় মসজিদ আবাদ থাকবে এটাই তো মসজিদের জান-প্রাণ। মসজিদ খুব শানদার হল কিন্তু মসজিদে মুসল্লী নেই, এটা কিয়ামতের আলামত। মসজিদে নববীতে সব সময় তালীম তাযকিয়া আর দাওয়াতের কাজ চালু থাকত। সারা বিশ্বের মসজিদগুলোতেও এই জিনিষগুলো চালু থাকা জরুরী। দাওয়াত-তালীম জারী থাকলে মুসল্লীর সংখ্যা বাড়বে। মসজিদ আবাদ হবে। আর এটিই হচ্ছে মসজিদের মূল উদ্দেশ্য। মসজিদ যদি বন্ধই করে রাখবেন, মসজিদের বিদ্যুৎ বিল বেশী আসবে সেই জন্য কাউকে মসজিদে অবস্থান করতে দেয়া যাবে না; এই যদি হয় কমিটির লোকদের মন-মানসিকতা, তাহলে এমন মসজিদ বন্ধ করে দেয়াই ভাল।

যারা মসজিদে আল্লাহর যিকির, দ্বীনী আলোচনা আর মুসল্লীদের সংশোধনের রাস্তা বন্ধ করে দিতে চায়, আল্লাহ রব্বুল আলামীন কুরআন পাকে তাদেরকে সবচেয়ে বড় জালেম বলে আখ্যায়িত করেছেন। কাজেই হুশিয়ার। মসজিদের প্রতি দরদ দেখাতে যেয়ে আমরা যেন আবার জালেমে পরিণত না হই সেদিকে খেয়াল রাখা দরকার।

আর যারা তাবলীগের মেহনতের সাথে জড়িত তাদেরও উচিৎ নিজেদের আচার আচরণ আরো পরিমার্জিত করা। তাদের কোন কাজ যেন অন্যকে তাবলীগের প্রতি বীত শ্রদ্ধ না করে তোলে সেদিকে তাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। নিজের নামায, কুরআন পাকের তিলাওয়াত এবং অন্যান্য আমল যেন সহীহভাবে হয় সেদিকে মনোযোগ দিতে হবে। পরিতাপের বিষয় হচ্ছে, অনেক সাথি অন্যকে দাওয়াত দেওয়ার জন্য মরিয়া কিন্তু নিজের আমলের প্রতি তার তেমন মনোযোগ থাকে না। ২০/৩০ বছর ধরে তাবলীগের মেহনত করে চলেছে কিন্তু তার নামায এখনো সুন্নত তরীকায় হয় না, কুরআন তিলাওয়াত একেবারেই গলদ। সেটা সহীহ করার জন্য কোন ফিকির নেই। খুব ভাল করে মনে রাখবেন, শুধুমাত্র দাওয়াত নাজাতের জন্য যথেষ্ট নয়। রাসূলুল্লাহ ﷺ এবং তাঁর সাহাবায়ে কেরাম দিনভর মানুষকে দাওয়াত দিতেন আর রাতে ইবাদতে নিমগ্ন থাকতেন। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, “ঐ ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজেও নেক আমল করে”। আলোচ্য আয়াতে শুধুমাত্র দাওয়াত দেয়ার উপরেই প্রশংসা করা হয়নি বরং সাথে নেক আমলের শর্তও জুড়ে দেয়া হয়েছে। সুতরাং আমল কতটুকু সুন্নত মুতাবিক হচ্ছে সেদিকেও খেয়াল রাখতে হবে। অনেক মসজিদে সপ্তাহে একদিন কুরআনে পাকের তাফসীর হয়। খুব কম মসজিদেই তাবলীগের সাথিরা এই তাফসীরে শরীক হয়ে থাকে। একদিকে তাফসীর হয় আরেক দিকে তারা ফাযায়েলে আমলের তালীম করতে বসে। এই নিয়ে মুসল্লীদের মধ্যে খারাপ প্রতিক্রিয়া হয়। যারা তাবলীগ পছন্দ করে না তারা এটাকে ইস্যু বানিয়ে আজে বাজে মন্তব্য করে। অথচ ঐ একদিন তালীম না করলেও কোন অসুবিধা হয় না। অথবা যদি করতে হয় তাহলে তাফসীরের পরে দু’চার মিনিটে সংক্ষিপ্ত তালীম সেরে নিলে চলে। এগুলি না করে তারা কুরআন পাকের মর্যাদাকে খাটো করে। তাদের ভাবে এমন প্রকাশ পায় যে, কুরআনের তাফসীরের দরকার নেই, ফাযায়েলে আমলের তালীমই যথেষ্ট। এই মনোভাব খুবই দুঃখজনক। সুতরাং এব্যাপারে সতর্ক হওয়া দরকার।

বছরে বছরে চিল্লা দেয়া ফরজ নয় কিন্তু সহীহভাবে কুরআন তিলাওয়াত করা ফরজ। কুরআন তিলাওয়াত সহীহ না হলে নামাযই দুরস্ত হবে না। প্রতিবছর চিল্লা দেয়ার সময় বের করা যায় কিন্তু কুরআন সহীহ করার জন্য কোন সময় বের হয় না। এটাও খুব খারাপ লক্ষণ। তাই কোন এক বছর চিল্লা বাদ দিয়ে হলেও কুরআন সহীহ করার জন্য সময় বের করা জরুরী।

নামায সুন্নত তরীকায় হচ্ছে কিনা তা জানার জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা এবং তাদের নিকট থেকে সহীহ নামায শিক্ষা করাও জরুরী। এইভাবে যদি আমরা মেহনত করতে পারি তাহলে আমাদের দেখাদেখি আরো অনেকেই এই মেহনতে জড়িত হবে। নতুবা মানুষ আরো দূরে সরে যাবে। আল্লাহপাক আমাদেরকে সহীহ বুঝ দান করুন।