Masail
100%

শরী‘আতে ঈদ শুধু দুটি-তৃতীয় কোন ঈদ নেই

Question

ঈদে মিলাদুন্নবীর নামে যে ঈদ উদযাপন করা হয় শরী‘আতে এই ঈদ কী দৃষ্টিতে দেখে?

Answer

মাসআলাঃ বর্তমানে লোকেরা নিজেদের পক্ষ থেকে সম্পূর্ণ মনগড়া ভাবে তৃতীয় আরেকটি ঈদ আবিষ্কার করেছে। রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, আল্লাহ তা‘আলা আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন, একটি হল ঈদুল ফিতর অপরটি ঈদুল আযহা। আর লোকেরা এখন তৃতীয় ঈদ আবিষ্কার করে সরাসরি রাসুলের বিরুদ্ধাচরণে নেমেছে। এর দৃষ্টান্ত ঠিক এমন যেমন সরকারী গেজেটে প্রকাশ করা হল যে, এখন থেকে শুক্রবার সরকারী ছুটি পালন হবে। এই গেজেট কম্পোজ করার সময় কিংবা ছাপার সময় কেউ যদি নিজের পক্ষ থেকে সেখানে একথা বৃদ্ধি করে দেয় যে, শুক্রবারের সাথে সাথে শনিবারেও ছুটি পালিত হবে। কেননা সেদিন প্রধানমন্ত্রীর জন্মদিন, আর প্রধানমন্ত্রী যেহেতু দেশের সর্বশীর্ষ ব্যক্তি তাই তার সম্মানার্থে এই ঘোষণা দেয়া হল। তাহলে আপনিই বলুন, যে ব্যক্তি নিজের পক্ষ থেকে একথাটি বৃদ্ধি করল আইনের দৃষ্টিতে তার কিরূপ শাস্তি হবে? তাহলে কুরআন হাদীসে যেদিনকে ঈদের দিন হিসেবে ঘোষণা করা হয় নি, যে দিনে আনন্দ-উৎসব করার কোন প্রমাণ খাইরুল কুরুনে পাওয়া যায় না। আপনি যদি নিজের পক্ষ থেকে সেদিনকে ঈদের দিন বানিয়ে নেন তাহলে শরী‘আতের দৃষ্টিতে আপনি কতটুকু অপরাধী সাব্যস্ত হবেন!

সুতরাং এসব ক্ষেত্রে আবেগতাড়িত না হয়ে কুরআন-হাদীসকে সামনে রেখে সেই অনুযায়ী আমল করতে হবে।

দুই ঈদের মোকাবিলায় বারই রবীউল আওয়ালে তৃতীয় আরেকটি ঈদ উদযাপনের চেষ্টা করা, এই দিনের বিশেষ মর্যাদা ও ফজীলতের কথা প্রচার করা শরী‘আতে নিজের পক্ষ থেকে বৃদ্ধি করা ছাড়া আর কিছুই নয়। এ ধরনের অনুষ্ঠান পরিত্যাজ্য। আল্লাহ পাক আমাদেরকে সঠিক ও সহীহ সুন্নতের অনুসরণ করার তাওফীক দান করুন।