লিল্লাহ বোর্ডিং ফান্ডের ব্যয়ের ক্ষেত্র
Question
এতিমখানা বা লিল্লাহ বোডিং ফান্ডে যে সব অনুদান আসে সেগুলো কি কেবলমাত্র এতিমদের ভরন-পোষণের জন্য ব্যয় করতে হবে? না অন্যান্য খাত যেমন, প্রতিষ্ঠানের আসবাবপত্র ক্রয়, আবাস গৃহ নির্মাণ, এতিমদের শিক্ষক মণ্ডলীর ভাতা প্রদান করাও দুরস্ত হবে।যদি তা করা দুরস্ত হয় তবে এর পদ্ধতি কিরূপ হবে? আর যদি তা দুরস্ত না হয়, তাহলে যেখানে মাদরাসা ও ছাত্রাবাস, আসবাবপত্র একত্রে রয়েছে, সেখানে এতিমদের শিক্ষকবৃন্দ, ছাত্রাবাসে, আসবাবপত্র, বাবুর্চি ইত্যাদি সবকিছু আলাদা নিয়োগ করতে হবে কি-না? বিস্তারিত জানাবেন বলে আশা করি।
Answer
এতিমদের জন্য যেসব মাল আসে, সেগুলো যদি সদকায়ে ওয়াজিবা হয়, যেমন যাকাত, কুরবানীর চামড়া, মান্নত, কাফফারা ইত্যাদি তাহলে উক্ত টাকার মালিক বা মাসরাফ কেবলমাত্র এতিম ও গরীব ছাত্রগণই, এছাড়া অন্য কোন কেউ নয়। আর এসব সদকা-খায়রাত কেবলমাত্র এতীম ও গরীবদের জন্যই খরচ করতে হবে। (সূরা আত তাওবা ৬০)
আর যদি উল্লেখিত দান সমূহ নফল সদকা হয় অথবা সাধারণ দান হয়ে থাকে, তাহলে তো এতিম ও গরীবদের প্রয়োজনীয় অন্যান্য কাজেও খরচ করা যাবে। যেমন, আসবাবপত্র ক্রয়, শিক্ষকদের বেতন প্রদান, গৃহ নির্মাণ ইত্যাদি। এতিম-গরীবেরদের জন্য দেয়া টাকা পয়সা তাদের জন্য সুষ্ঠভাবে খরচ করার ক্ষেত্রে শিক্ষকবৃন্দ, ছাত্রাবাস, বাবুর্চি ইত্যাদি পৃথক করার প্রয়োজন নেই। [আদদুররুল মুখতার ২:৩৫১; ইমদাদুল ফাতাওয়া ২:৮২; ফাতাওয়া মাহমূদিয়া ১:৩৫; মাহমূদিয়া ১২:২২৭-২২৯]