মসজিদের পরিত্যক্ত কুরআন শরীফ বিক্রয় করা
Question
অনেকে মসজিদ বা মাদরাসায় দান বা মান্নতের জিনিস বা কুরআন শরীফ দিয়ে থাকে। কিন্তু কুরআন শরীফ পড়ার লোক কম, তাই তা শুধু মসজিদে পড়ে থাকে। এমতাবস্থায় উক্ত জিনিস বা কুরআন শরীফ বিক্রি করে মসজিদের কাজে ব্যবহার করা জায়িয হবে কিনা?
Answer
মসজিদের জন্য মান্নত হয় না। কারণ মান্নতের জিনিস ঐ সমস্ত খাতে ব্যয় করতে হয় যে, যে সকল খাতে যাকাতের টাকা ব্যয় করা চলে। আর মসজিদে যাকাতের টাকা ব্যয় করা যায় না। তাই মসজিদের নামে মান্নত সহীহ হবে না। এতদসত্ত্বেও কেউ যদি মসজিদের নামে মান্নত করে, তবে তা পূরণ করা জরুরী নয়। তার পরেও যদি কেউ দিয়েই দেয়, যেমন নগদ টাকা পয়সা, লাউ মুরগী, ইত্যাদি তাহলে সেই মাল বিক্রি করে সেই টাকা মসজিদের কাজে ব্যয় করা যাবে। কারণ সাধারণ দান হিসেবে গণ্য হয়েছে। মান্নত সাব্যস্ত হয়নি। তবে পায়েশ, বিস্কুট বাতাসা ইত্যাদি যা গরীব মুসাল্লীদের খাওয়ানোর জন্য মান্নত মানে, তা সহীহ আছে। কারণ এক্ষেত্রে মসজিদের নামে উল্লেখ করলেও মসজিদে উদ্দেশ্য থাকে না বরং মুসল্লীরা উদ্দেশ্য থাকে
লোকজন মসজিদে যে সমস্ত কুরআন শরীফ দেয়, তা সাধারণতঃ মসজিদের মুসল্লীদের পড়ার জন্য মসজিদে ওয়াকফ করে থাকে। আর ওয়াকফকৃত জিনিসের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। সুতরাং তা বিক্রি করা জায়িয হবে না। তবে অন্য কোন মসজিদে প্রয়োজন পড়লে, সেখানে দেওয়া জায়িয হবে। [প্রমাণঃ ফাতাওয়া শামী ৪:৩৯৬; ৩৬০ ফাতাওয়া রাহীমিয়া ৬:৭৭; ফাতাওয়া দারুল উলূম ১২:১২৯; ফাতাওয়া আব্দুল হাই ১:১৮৪; ইমদাদুল ফাতাওয়া ২:৬৭১]