ক্যাসেটে তিলাওয়াত বা গান শ্রবন করা

মুফতী মনসূরুল হক সাহেবJanuary 4, 2026কুরআন ও তাফসীর, বিবিধ, দু‘আ দুরূদ ও যিকির

Question

ক্যাসেটে ধারনকৃত তিলাওয়াতে কুরআন শ্রবণে সাওয়াব হবে কি-না? এবং ক্যাসেটে গান শুনলে গুনাহ হবে কি-না?

Answer

টেপ রেকর্ডারের আওয়াজ পাঠকের নিজস্ব আওয়ায নয়। বরং প্রতিধ্বনির ন্যায় পাঠকের স্বরের নকল মাত্র। এজন্যই ধারণকৃত ক্যাসেটের তিলাওয়াত বস্তুতঃ তিলাওয়াত নয়। সুতরাং, টেপ রেকর্ডারের সাহায্যে ক্যাসেট বাজিয়ে কুরআন তিলওয়াত শ্রবণে সরাসরি শ্রবণের সাওয়াব হয় না। তবে তা শ্রবন করা নাজায়িয নয়। কারন, এর দ্বারা সহীহ কিরা‘আত শিক্ষায় সহযোগিতা হয়।

পক্ষান্তরে গান-বাদ্য ইত্যাদির আওয়াজ মানবাত্মাকে আল্লাহর স্মরণ থেকে অমনোযোগী করে দেয় এবং আল্লাহর স্মরণ বিস্মৃত মানুষের ঐ অন্তরে অভিশপ্ত শয়তান কু-মন্ত্রণা দিতে প্রয়াস পায়। যে কারণে শরী‘আতে মুহাম্মদীয়া গান-বাজনাকে অবৈধ তথা হারাম ঘোষণা করেছে। আর গান-বাদ্য শ্রবণের অবৈধতা চাই সরাসরি কিংবা যন্ত্রের মাধ্যমে শুনবে এর মধ্যে শরী‘আত কোন পার্থক্য করেনি। গান গাওয়া এবং শ্রবন করা সর্বাবস্থায়ই হারাম।

কাজেই ক্যাসেটে ধারণকৃত তিলাওয়াত শ্রবনে সাওয়াব না হওয়ার উপর ধারণকৃত ক্যাসেটের গান-বাজনা শ্রবণে গুনাহ না হওয়ার যুক্তি প্রদর্শনের কোন অর্থই হতে পারে না। কারন, গানের যে কোনরূপ অস্তিত্বই শরে‘আত অবৈধ ঘোষণা করেছেন। [শামী ৬:৩৪৮-৪৯, আলাতে জাদীদাহ ২২১]