“সবই আল্লাহর পক্ষ থেকে হয়” এর অর্থ কি?
Question
আমরা সচরাচর তাবলীগ জামাতে গিয়ে শুনে থাকি, “কিছু থেকে কিছু হয় না, সব কিছু আল্লাহর থেকে হয়”, কথাটির বাস্তবতা কতটুকু? বিস্তারিত জানালে খুশী হব। কারন বিভিন্ন সময় প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন, কেউ বলে মানুষ চুরি করে, ডাকাতি করে, কত ধরনের খারাপ কাজ করে থাকে, এটাও কি আল্লাহর পক্ষ থেকে? যদি তাই হয়ে থাকে তাহলে মানুষের অপরাধ কি? তাকে কেন শাস্তি দেয়া হয়।
Answer
“কিছু থেকে কিছু হয় না, সব কিছু আল্লাহর থেকে হয়।” এ বাক্যটি তাকদীর সংক্রান্ত কথা। এ কথাটির আসল ব্যাখ্যা হল, যে সমস্ত বিশ্ব জগতের ভাল-মন্দ যা কিছু হয় সবই আল্লাহ তা‘আলা প্রথম থেকে জানেন, লাউহে মাহফুযে তা লিখে রেখেছেন এবং তিনি যেমন জানেন তেমনই হয়। তার মধ্যে কোন ব্যাতিক্রম হয় না। আল্লাহই সব কিছুর সৃষ্টিকর্তা। তাঁর ক্ষমতা সর্বব্যাপী। তাঁর ক্ষমতার পরিধি থেকে বের হতে পারে এমন কেউ নেই। তিনি সর্বজ্ঞ, আদি-অন্ত, সব কিছু তিনি সঠিকভাবে জানেন। মানুষকে ভাল-মন্দ বুঝার এবং করার ক্ষমতা দান করেছেন এবং ইচ্ছা শক্তিও দান করেছেন, যদ্বারা নিজ ক্ষমতায়, নিজ ইচ্ছায় সে পাপ-পুণ্যের কাজ করে। পাপ করলে আল্লাহ তা‘আলা অসন্তুষ্ট হন এবং পুন্যের কাজ করলে সন্তুষ্ট হন।
এখানে ভালভাবে বুঝতে হবে যে, কাজ করা ভিন্ন কথা আর সৃষ্টি করা ভিন্ন কথা, সৃষ্টি তো সব কিছুই আল্লাহ তা‘আলা করেন। কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করার ক্ষমতা আল্লাহ তা‘আলা মানুষকে দান করেছেন। আল্লাহ তা‘আলা মানুষের অসাধ্য কোন হুকুম করেননি। যা কিছু আদেশ বা নিষেধ করেছেন সবই বান্দার আয়ত্বে ও ইখতিয়ারে। সুতরাং এখন যদি কেউ ইচ্ছা করে চুরি-ডাকাতি করে তাহলে সে তার শাস্তি পাবে। আর যদি পুন্যের কাজ করে তাহলে তার প্রতিদান পাবে। অবশ্য কিছু লোক এ কথা কালিমার অর্থ ও ব্যাখ্যা এবং তাওহীদ বুঝনোর জন্য বলে থাকেন অথচ সেক্ষেত্রে কথাটি ঐ ভাবে বলা ঠিক নয়। বরং এ ভাবে বলা উচিত যে, মাখলূক বা চীজ আসবাব বান্দার উপকার বা অপকার করার নিজস্ব কোন ক্ষমতা রাখে না। বরং তারা এ ব্যাপারে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ তা‘আলা বান্দার উপকার বা অপকার করার জন্য কারো মুখাপেক্ষী নয়। বরং তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী। [প্রমাণঃআকিদাতুত তাহাবী ৪০-৪৩, কিফাতুল মুফতী ১:১৩৭, ইমদাদুল আহকাম ১:১১৬]
خلق الخلق بعمله وقدر لهم اقدارا وضرب لهم اجالا لم يخف عليه شيئ قبل ان يخلقهم وعلم ما هم عاملون قبل ان يخلقهم وأمرهم بطاعته ونهاهم
عن معصيته وكل شبى يجرى بقدرته ومشيته تنفذ لا مشية للعباد الا ما شاءلهم فما شاء لهم كان وما لم يشاء لم يكن .
عقيدة الطحاوى - ص / ٤٠/٤١/٤٢/