হক ও বাতেল পীরের পরিচয়

মুফতী মনসূরুল হক সাহেবJanuary 5, 2026ঈমান আক্বাইদ, আত্মশুদ্ধি, বিবিধ

Question

হক্কানী পীর ও বাতিল পীরের পরিচয় কি?

Answer

এদেশের মানুষ সাধারণতঃ ধর্মপরায়ণ। তাদের এ ধর্ম পরায়ণতার সুযোগ নিয়ে সমাজে বেশ কিছু ব্যবসায়ী পীরের আবির্ভাব ঘটেছে, যাদের ভিতর হক্কানী পীর (যারা আল্লাহর রাস্তার সঠিক পথ প্রদর্শক)- এর দশটি আলামতের কোন একটিও পাওয়া যায় না। হক্কানী পীরের দশটি আলামত এইঃ

(১) পীর সাহেব তাফসীর, হাদিস,ফিকাহ ও ধর্মীয় যাবতীয় ব্যাপারে অভিজ্ঞ আলীম হওয়া আবশ্যক। অন্ততঃপক্ষে মিশকাত শরীফ ও জালালাইন শরীফ বুঝে পড়েছেন পরিমাণ ইলম থাকা জরুরী।

(২) পীরের আকীদা এবং আমল শরী‘আতের মুয়াফিক হওয়া অপরিহার্য। তার স্বভাব-চরিত্র ও অন্যান্য গুনাবলী যে রকম শরী‘আতে চায়,সে রকম হওয়া বাঞ্ছনীয়।

(৩) পীরের মধ্যে লোভ (টাকা-পয়সা, সন্মান-প্রতিপত্তি, যশ-সুখাতির লিপ্সা) থাকবে না। নিজে কামিল হওয়ার দাবি করবে না। কেননা, এটাও দুনিয়ার মুহব্বতেরই অন্তর্ভুক্ত।

(৪) তিনি কোন কামিল পীরের খিদমতে থেকে ইসলাহে বাতিন (অন্তকরনে পরিশুদ্ধি) এবং তরীকত অর্জন করেছেন এমন হতে হবে।

(৫) সমসাময়িক পরহেযগার-মুত্তাকী আলেমগন এবং সুন্নাত তরীকার ওলীগন তাঁকে ভাল বলে মনে করেন-এমন হতে হবে।

(৬) দুনিয়াদার অপেক্ষা দ্বীনদার লোকেরাই তাঁর প্রতি বেশি ভক্তি রাখে-এমন হওয়া আবশ্যক।

(৭)তাঁ র মুরীদের মধ্যে অধিকাংশ এরকম হতে হবে যে তারা প্রানপণে শরী‘আতের পাবন্দী করেন এবং দুনিয়ার প্রতি মোহ-লালসা রাখেন না।

(৮) তিনি এমন হবেন যে, মনোযোগের সাথে মুরীদদের তা’লীম-তালকীন করেন এবং অন্তর দিয়ে এটা চান যে, তারা ভাল হোক। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পায়রবী করুক। তিনি মুরীদদেরকে তাদের মতলব মত স্বাধীন ছেড়ে দিতে পারেন না। তাদের মধ্যে যদি কোন দোষ দেখতে বা শুনতে পান, তবে তা যথারীতি (কাঊকে নরমে কাউকে গরমে) সংশোধন করেন।

(৯) তাঁর সুহবতে কিছু দিন থাকলে, দুনিয়ার মুহব্বত কমে যায় এবং আখেরাতের চিন্তা-ফিকির বাড়তে থাকে।

(১০) তিনি নিজেও রীতিমত যিকির শোগল করেন। অন্ততপক্ষে করার পাক্কা ইরাদা রাখেন। (কেননা নিজে আমল না করলে, অন্ততপক্ষে করার পাক্কা ইরাদা না থাকলে, তা’লীম–তালিকীনে বরকত হয় না। [প্রমাণঃ কসদুল সাবীল পৃঃ ৯]

সমাজের যে সকল পীর সাহেবানের মধ্যে এ আলামতগুলো পাওয়া যাবে, তারাই হক্কানী পীর। যাদের মধ্যে এগুলো পাওয়া যাবে না; এরপরও পীর নাম ধারন করে বসবে, তারা বাতিল, ভণ্ড ও ব্যবসায়ী। বর্তমানে তাদের দ্বারা মুসলমানদের অবশিষ্ট ঈমানটুকুও বরবাদ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।