বর্তমান (ফেব্রুয়ারী, ২০২৬) মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে পবিত্র উমরাহ পালনে ইচ্ছুক অনেক হাজী সাহেবান বাধাপ্রাপ্ত হচ্ছেন। বিশেষত মক্কা-এ প্রবেশ ও নিরাপদ সফর বিঘ্নিত হওয়ায় বহু মুমিন ভাইবোন ইহরাম অবস্থায় বা সফরের পূর্বপ্রস্তুতিতে দুশ্চিন্তায় আছেন। এমতাবস্থায় কী করণীয়
বিসমিহী তাআলা
বর্তমান মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে পবিত্র উমরাহ পালনে ইচ্ছুক অনেক হাজী সাহেবান বাধাপ্রাপ্ত হচ্ছেন। বিশেষত মক্কা-এ প্রবেশ ও নিরাপদ সফর বিঘ্নিত হওয়ায় বহু মুমিন ভাইবোন ইহরাম অবস্থায় বা সফরের পূর্বপ্রস্তুতিতে দুশ্চিন্তায় আছেন।
এ প্রেক্ষিতে জামি'আ রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর ঢাকা'র পক্ষ থেকে নিম্নোক্ত দিকনির্দেশনা প্রদান করা হলো-
গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা:
১. যারা ইহরাম বাঁধার পূর্বেই বাধাপ্রাপ্ত হয়েছেন:
তারা আর ইহরাম বাঁধবে না, উমরার ইরাদা করার কারণে তাদের উপর কোনো কাফফারা বা জরিমানা বর্তাবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে আপনারা পুনরায় সফরের নিয়ত করবেন এবং ইহরাম সহ বাকী কাজ সম্পন্ন করবেন।
২. যারা ইহরাম বেঁধে নিয়েছেন কিন্তু হারাম শরীফে পৌঁছাতে পারেননি
তারা বিশ্বস্ত প্রতিনিধি মারফত হারামের সীমানায় সর্বনিম্ন একটি দম (বকরী কুরবানী) দেয়ার ব্যবস্থা করবেন। কুরবানী সম্পন্ন হলে মাথা মুন্ডন বা চুল কেটে ইহরাম থেকে হালাল হবেন এবং ইহরাম মুক্ত অবস্থায় স্বাভাবিক জীবন যাপন করবেন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে উক্ত উমরাহ কাযা আদায় করবেন। (মানাসিকে মুল্লা আলী কারী, পৃ.৪১৭-১৮)
তবে যদি কোন ব্যক্তি বিশ্বস্ত প্রতিনিধি মারফত বা অন্য যেকোন উপায়ে হারামের সীমানার ভিতরে দম দিতে অপারগ প্রমাণিত হয়, তাহলে তিনি শাফেয়ী মাযহাবের মত অনুসারে যে এলাকায় বাধাপ্রাপ্ত হয়েছেন সে এলাকাতেই দম আদায় করে ইহরাম থেকে মুক্ত হবেন। (কিতাবুল উম্ম ২/১৭৩-১৭৪ দারুল ফিকর, বইরূত, রদ্দুল মুহতার ১৩/২৪৬-৪৭. উসূলুল ইফতা পৃ.১৭১)
এছাড়া উক্ত চলমান সংকটে হাজী সাহেবান ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহ তা‘আলার নিকট দু‘আ করবেন যেন তিনি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে দেন।
কোনো অনির্ভরযোগ্য তথ্যের উপর আমল না করে আপনার পরিস্থিতি জানিয়ে বিশ্বস্ত আলেমদের থেকে পরামর্শ গ্রহণ করবেন।
আল্লাহ তা‘আলা আমাদের সকলকে নিরাপদে তাঁর ঘর জিয়ারতের তাওফীক দান করুন এবং বর্তমান সংকট থেকে মুসলিম উম্মাহকে মুক্তি দান করুন। আমীন।