ইস্তিগফারের তাৎপর্য

ইস্তিগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা। পবিত্র কুরআন ও হাদীসে ইস্তিগফারের অনেক গুরুত্ব ও ফযীলত বর্ণিত হয়েছে। বান্দা যত বড় গুনাহগার হোক না কেন সে যেনো আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন,

قُلْ يَاعِبَادِيَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللهِط اِنَّ اللهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًاط اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

(হে নবী!) আপনি বলে দিন যে, (আল্লাহ বলেন) হে আমার বান্দাগণ! যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল, অতি দয়ালু। (সূরা যুমার, আয়াত: ৫৩)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

مَنْ لَزِمَ الْاِسْتِغْفَارَ، جَعَلَ اللهُ لَهٗ مِنْ كُلِّ ضِيْقٍ مَخْرَجًا، وَمِنْ كُلِّ هَمٍّ فَرَجًا، وَرَزَقَهٗ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ

অর্থ: যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নিবে অর্থাৎ বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ তা‘আলা তার জন্য সকল সংকট থেকে মুক্তির পথ সহজ করে দিবেন, যাবতীয় দুশ্চিন্তা দূর করে দিবেন এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করে না। (সুনানে আবু দাউদ, হাদীস: ১৫১৮)

ইস্তিগফারের তাৎপর্য | ইসলামী যিন্দেগী