মালফুযাত
১০০%
গীবতের ভয়াবহতা
গীবতের গুনাহকে হাদীস শরীফে যিনার গুনাহর চেয়েও মারাত্মক বলা হয়েছে। আল্লামা শা‘রানী রহ. তাঁর ‘তাম্বীহুল মুগতারীন’ গ্রন্থে লিখেছেন, যে ব্যক্তি গীবত করে সে তার সঞ্চিত নেক আমল অন্যকে বিলিয়ে দেয়। তিনি আরো লিখেছেন যে, আমাদের মুরুব্বীগণ আমাদের থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছেন যে, আমরা নিজেদের মজলিসে কারো গীবত করবো না।
সুলতান ইবরাহীম ইবনে আদহাম রহ. এক জায়গায় মেহমান হলেন। মেযবান তাঁর সামনে অন্যের গীবত শুরু করলে তিনি এই বলে সেখান থেকে উঠে পড়েন যে- প্রথমেই গোশত খাওয়ালেন। তা-ও আবার মৃত ভাই-এর গোশত। লজ্জাস্থানের যখম যেমন চিকিৎসক ছাড়া দেখানো জায়িয নেই, অনুরূপ ভাবে নিজের ভায়ের দোষ-ত্রুটি তার ইসলাহী চিকিৎসক ছাড়া অন্য কাউকে বলা জায়িয নাই। মনে রাখবেন! গীবত করা ও শোনা উভয়ই হারাম।