আল্লাহর মুহাব্বত লাভের উপায়

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২৬ আগস্ট, ২০২৩আত্মশুদ্ধি

যখন কুরআন তিলাওয়াত করা হয় তখন নিয়ত করবে যে, তিলাওয়াতের মাধ্যমে অন্তরের জং দূরীভূত হবে, আল্লাহ পাকের মুহাব্বত পয়দা হবে। তিলাওয়াতের দ্বারা আত্মশুদ্ধির ব্যাপারটা হাদীসেও বর্ণিত হয়েছে। যেমন এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ

إن هذه القلوب تصدأ كما يصدأ لحديد قيل يا رسول الله فما جلائها قال كثرة تلاوة القرأن وذكر الله والاستعداد للموت قبل نزوله

অর্থাৎ লোহায় যেমন জং ধরে তেমনি অন্তরেও জং ধরে। জিজ্ঞাসা করা হলো জং দূর করার তরীকা কী? উত্তরে বললেন, অধিক পরিমাণে কুরআন তিলাওয়াত, আল্লাহর যিকর ও মৃত্যু আসার আগেই মৃত্যুর প্রস্তুতি। কিন্তু অতীব দুঃখজনক বিষয় এই যে, যাদের তিলাওয়াতের অভ্যাস আছে তারাও তিলাওয়াতের দ্বারা আত্মশুদ্ধি লাভের কথা চিন্তা করে না। ফলে আত্মশুদ্ধির জন্য অনেকে অনেক আমলই করে থাকে কিন্তু তিলাওয়াত করার গুরুত্ব অনুধাবন করে না। [সূত্র: শু‘আবুল ঈমান, হাদীস নং-১৮৫৯। কামিল লিইবনে আদী-১/৪২০ তবে শব্দে কিছুটা পার্থক্য রয়েছে।]

আল্লাহর মুহাব্বত লাভের উপায় | ইসলামী যিন্দেগী