মালফুযাত
১০০%
আসল বুজুর্গের পরিচয়
জনৈক ব্যক্তি কোন এক বুযুর্গের সুহবতে থেকে দশ বছর মনে-প্রাণে তার খিদমত করেন। অতঃপর নিরাশ ও মনঃক্ষুণ্ণ হয়ে চলে যেতে লাগলেন। বুযুর্গ ভারাক্রান্ত হৃদয়ে চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন। মুরীদ উত্তর করলো, হুযুর! আমি আপনাকে মুহাব্বত করে দীর্ঘ দশটি বছর আপনার খেদমত করলাম, কিন্তু আফসোস! আজো আপনার থেকে কোন কারামত প্রকাশ হতে দেখলাম না। বুযুর্গ জানতে চাইলেন, আচ্ছা! তুমি কি এই দশ বছরে কখনো আমার থেকে শরী‘আতের খেলাফ ও সুন্নাতের পরিপন্থী কোন কাজ হতে দেখেছো? আমার কোন ভুল তোমার কাছে ধরা পড়েছে? সে জবাব দিল, না। তখন বুযুর্গ বললেন, তুমি এর চেয়ে বড় আর কী কারামত এবং কী বুযুর্গী দেখতে চাও? আসলে যে ব্যক্তি থেকে দীর্ঘ দশ বছরে কোন প্রকার শরী‘আত বিরোধী ও সুন্নাতের খেলাফ কোন কাজ প্রকাশ হয়নি, তার চেয়ে বড় বুযুর্গ আর কে হতে পারে?