টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ার ভয়াবহতা
টাখনু ঢেকে পায়জামা-লুঙ্গী ইত্যাদি পরতে নিষেধ করা হয়েছে। কারণ, এটা অহংকারীদের লক্ষণ। এর রহস্য হচ্ছে- যদি তুমি অহংকারীদের সুরতের অনুকরণ করো, তাহলে অহংকারীদের হয়হয়ও তোমার মধ্যে স্থানান্তরিত হয়ে যাবে।
হাদীস পাকে আছে- এক সাহাবী রা. ওযর পেশ করেন যে, আমার লুঙ্গী নীচে লটকে যায় । তখন হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন- ‘তোমার এই কাজ তোমার ওযরের ক্ষতির চেয়ে অনেক বেশী ক্ষতিকর। অতএব লুঙ্গী ওপরে উঠাও।’ অন্য এক হাদীসে আছে- হুযূর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের সঙ্গে বলেন যে, ‘তোমরা কি আমার রীতি-নীতির প্রতি আগ্রহ পোষণ করোনা?’ [সূত্র: ফাতহুল বারী-কিতাবুল লিবাস ১০ম খণ্ড]
যারা বিভিন্ন অজুহাত দেখিয়ে টাখনুর নীচে পায়জামা, লুঙ্গী ইত্যাদি পরেন, তারা আল্লাহর ভয়কে সামনে রেখে চিন্তা করুন! অনেক যথার্থ ওযর পেশ করার পরও স্বয়ং রাসূলে আকরাম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেন নি’ বরং টাখনুর নীচে কাপড় পরতে নিষেধ করে দিয়েছেন।
বুখারী শরীফের বর্ণনায় আছে ‘টাখনুর নীচে যে পর্যন্ত পায়জামা, জামা বা লুঙ্গী লটকে থাকবে, সেটুকু জাহান্নামে জ্বলবে।’ অন্য এক বর্ণনায় আছে- ‘আল্লাহ তা‘আলা এরকম ব্যক্তিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না।’