পাপকে ঘৃণা করা ওয়াজিব আর পাপীকে ঘৃণা করা হারাম
পাপকে ঘৃণা করা ওয়াজিব। আর পাপীকে ঘৃণা করা হারাম। এ ব্যাপারে হাকীমুল উম্মত থানভী রহ.-এর বক্তব্য হচ্ছে- কোন বড় আলিমের জন্যেও সাধারণ মুসলমানকে ছোট ভাবা জায়িয নেই। এ জন্যেই পাপীকে নিজের চেয়ে উত্তম ভেবে তারপর তার পাপ কাজের প্রতিরোধ করা উচিত। ফাতাওয়ায়ে আলমগীরীতে আছে, ‘যদি কোন মুসলমান অশুদ্ধ নামায পড়ে আর ধারণা হয় যে, সে আমার কথা মানবে, তাহলে তাকে বুঝানো ওয়াজিব।’ আলিমের জন্যে নিজেকে আলিম ভাবা তো জায়িয; কিন্তু নিজেকে অন্য মুসলমানের চেয়ে উত্তম ভাবা হারাম। কেননা, এখনো শেষ পরিণতির কথা জানা হয়নি। যেমন, মনে করুন উত্তম পরিণতি পর্যন্ত পৌঁছতে একশত সিঁড়ি অতিক্রম করতে হয়। এখন কেউ পাঁচ, কেউ পঞ্চাশ, আবার কেউ নব্বই পেরিয়ে একানব্বই-এ পৌঁছেছে। এমতাবস্থায় একানব্বইতম সিঁড়িতে পৌঁছা ব্যক্তির জন্যে পাঁচ নম্বর সিঁড়িতে অবস্থানকারী ব্যক্তির চেয়ে নিজেকে উত্তম ভাবা কিভাবে জায়িয হতে পারে? কারণ, একানব্বইতম সিঁড়িতে পৌঁছা ব্যক্তি যদি পড়ে যায় এবং হাড় গোড় সব ভেঙ্গে যায়। আর পাঁচ নম্বর সিঁড়িতে অবস্থানকারী ব্যক্তি যদি নিরাপদে একশত সিঁড়ি পেরিয়ে উত্তম পরিণতি পর্যন্ত পৌঁছে যায়, তখন কেমন হবে?