ছোট ছোট গুনাহর দ্বারাও অন্তর কালো হয়
এক গ্লাস পানির মধ্যে কয়েকটা লোহার টুকরো রাখলে দেখবেন, পানির চেয়ে অল্প কয়েকটা লোহার টুকরার ওজন বেশী। আবার এই পানি কখনো কখনো লোহার চেয়ে শক্তিশালী হয়ে উঠে এবং লোহার চেহারা পাল্টে দেয়। অর্থাৎ মরিচা লাগিয়ে লোহার কার্যকারিতা নষ্ট করে ফেলে। প্রথমে লোহার চেহারা ও পরে তার গুণাবলী নষ্ট করে লোহাকে একেবারে অকেজো করে ছাড়ে। অনুরূপ ছোট ছোট গুনাহর কালো দাগ দ্বারাও অন্তর কালো হয়ে যায় এবং মরিচা ধরে। যেমন, খারাপ সাহচর্য, প্রথমে এটা তেমন ক্ষতিকর মনে না হলেও পরবর্তীতে তা অপূরণীয় ক্ষতি সাধন করে। এ কারণেই ইংরেজরা প্রথমে কৌশলে মুসলমানদের চেহারা-সূরতে পরিবর্তন ঘটায়। অর্থাৎ ইংলিশ কাটিং চুল রাখা ও দাড়ি কামানোর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের পছন্দনীয় সূরত থেকে দূরে সরিয়ে দেয়। অতঃপর সূরতের পাশাপাশি সীরাতও (চরিত্র) নষ্ট হয়ে যায়। আর এভাবেই মুসলমানরা সূরত ও সীরাত উভয় ক্ষেত্রে আদর্শচ্যুত হয়।