ছবি তোলার শর‘ঈ বিধান

প্রশ্ন

হাদীস শরীফ আছে , ছবি অঙ্কনকারী ও ছবি গ্রাফাররা জাহান্নামী। মাসআলা বলে, ছবি তোলা হারাম। অথচ আমরা দেখতে পাই যে, বিভিন্ন সভা মিছিল ও মাহফিলে সাংবাদিকরা এ দেশের বিশিষ্ট উলামায়ে কিরামগণের ছবি কোন ধরনের বাধা বিপত্তি ছাড়াই অনায়াসে তুলে নিচ্ছেন। এ সম্পর্কে শরী‘আতের রায় কি?

উত্তর

শর‘ঈ জরুরত ব্যতীত ছবি তোলা না জায়িয। এতে কোন সন্দেহ নেই। কোন হক্কানী আলেম শরী‘আত সম্মত উযর ব্যতীত ছবি তুলতে পারেন না। কোন আলেম যদি প্রয়োজন ব্যতীত নিজের ছবি তুলতে অনুমতি দেন তাহলে এ ব্যাপারে ঐ আলেমকে জিজ্ঞেস করা যেতে পারে যে, কেন তিনি এ না-জায়িয কাজের অনুমতি দিলেন? ছবি ঘরে রাখা ও পুতুল বানানো ইত্যাদি সম্পর্কে বিস্তারিত মাসআলা হক পয়গাম সেপ্টেম্বর-৯৪ সংখ্যায় দেয়া হয়েছে। ঐ সংখ্যাটি দেখে নিন। ইসলামী আন্দোলন যদি এসব হারাম কাজের তোয়াক্কা না করা হয় তাহলে সমস্ত প্রচেষ্টা ও আন্দোলন বে-আসর ও নিষ্প্রাণ হয়ে যাবে। যে কোন ধরনের নাজায়িয কাজের মাধ্যমে আন্দোলন চলতে পারে না। যমনার পরিবর্তনে যদি বলা হয় যে, ছবি ছাড়া আন্দোলন চলে না, দাবী-দাওয়া আদায় হয় না, তাহলে একথা বাস্তব সম্মত হলে এমনভাবে ছবি তোলার অনুমতি দেয়া যেতে পারে যে, চেহারা স্পষ্ট বুঝা যায় না। যেমন পিছনের সাইড থেকে ছবি তোলা।

ছবি তোলার শর‘ঈ বিধান | ইসলামী যিন্দেগী