সুদের টাকায় জনসেবা করা
প্রশ্ন
যদি কোন ব্যক্তি ব্যাংকে জমাকৃত সুদের টাকা দিয়ে এমন টয়লেট বানায় যা ছোট-বড় ধনী-গরীব সবাই ব্যবহার করবে তা হলে জায়েয হবে কি-না? উক্ত টাকা যদি মসজিদ বা মাদরাসার কমিটিকে (সুদের কথা) জানিয়ে দিয়ে দেয়া হয়, তবে তা দ্বারা মসজিদ বা মাদরাসার জন্য বাথরুম তৈরি হবে কি?
উত্তর
একান্ত ঠেকার কারণে ব্যাংকে চলতি একাউন্ট খোলা জায়েয আছে। সেভিংস একাউন্ট খোলা জায়েয নয়। তবে না জেনে কেউ খুলে থাকলে, জানার পর একাউন্ট পরিবর্তন করা উচিত এবং এরূপ ক্ষেত্রে তার একাউন্ট যে সুদের টাকা জমা হবে, তা নিজের কাজে খরচ করা জায়েয নয়। বরং উক্ত টাকা সাওয়াবের নিয়্যত না করে গরীব-মিসকীনদেরকে দিয়ে দিবে।
উক্ত টাকা দিয়ে জনসাধাবণের ব্যবহারোপযোগী টয়লেট বানানো জায়েয হবে। তেমনিভাবে সুদের টাকা দ্বারা মসজিদ-মাদরাসার বাথরুম তৈরি করাও বৈধ হবে। তবে লক্ষ রাখতে হবে- যেন নিজের ব্যক্তিগত কোন কাজে এবং মসজিদ ও তৎসংশ্লিষ্ট দেয়াল-বারান্দা ইত্যাদিতে সুদের টাকা ব্যয় না হয়।
(ফাতাওয়া রাহীমিয়া ২:১৯২, ৩:২৬১ #মাজাল্লাতু ফিকহিল ইসলামী, ২:৪১৪, ৩৭৪ #জাদীদ ফিকহী মাসাইল ২:২৮০ #কিফায়াতুল মুফ্তী, ৮:৫৮-৫৯, ৬৩)