রেজিষ্ট্রি ব্যতীত দু’জন স্বাক্ষীর উপস্থিতিতে বিবাহ
প্রশ্ন
দু’জন প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ে যদি দু’জন স্বাক্ষীর সামনে প্রচলিত রেজিষ্ট্রী ছাড়া ঈজাব ও কবুলের মাধ্যমে বিবাহ সম্পাদন করে, তাহলে শরী‘আতের দৃষ্টিতে তা বৈধ হবে কিনা ? যদি হয়, তাহলে ঐ মেয়ের অভিভাবকগণ যদি তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ ব্যতীত অন্য কোথাও বিবাহ দেয় তাহলে দ্বিতীয় বিবাহের হুকুম কি!
উত্তর
যদি ছেলে-মেয়ের মধ্যে কুফু বিদ্যমান থাকে অর্থাৎ বংশ মর্যাদা, দ্বীনদারী ও পেশার দিক দিয়ে ছেলে যদি মেয়ের থেকে নীচু না হয়, তাহলে পিতা-মাতা রাযী হোক বা না হোক বিবাহ সহীহ হবে। যদিও অভিভাবকের সম্মতি না নিয়ে এভাবে বিবাহ করা মেয়ের জন্য নিতান্তই গর্হিত কাজ হিসেবে বিবেচিত হয়। শরী‘আত সম্মত কোন কারণ না থাকলে এমতাবস্থায় পিতা-মাতা নারাযী প্রকাশ না করে এ বিবাহ মেনে নেওয়াই ভাল। এই অবস্থায় মেয়েকে অন্য কোথাও বিবাহ দিলে বিবাহ সহীহ হবে না; বরং আগের বিবাহ বহাল থাকবে। কিন্তু যদি মেয়ে অভিভাবকদের অনুমতি ছাড়া তার চেয়ে নীচু বংশের বা বখাটে বদ-দ্বীন ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়-তাহলে এ বিবাহ সহীহ হবে না। এরূপ ক্ষেত্রে অভিভাবকগণ মেয়েটিকে অন্যত্র বিবাহ দিতে পারবেন। শরী‘আতের দৃষ্টিতে বিবাহ সহীহ হওয়ার জন্য রেজিষ্ট্রি করা জরুরী নয়। ঝগড়া-ফাসাদ থেকে বেঁচে থাকার জন্য রেজিষ্ট্রি করে নেওয়া ভাল।
[আদ্দুররুল মুখতার ২:৩৪৪ #দারুল উলূম ৮:১৮৪ # ইমদাদুল মুফতীন ১:৫৫১ #ফাতওয়া রহীমিয়া ৫:২৫৮ #আহসানুল ফাতওয়া ৫:৯৬ #শামী ২:৩৪৪]