দ্বিতীয় বিবাহ বিধান
প্রশ্ন
আমি শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য দ্বিতীয় বিবাহ করতে চাই। কারণ আমার বর্তমান স্ত্রী প্রায়ই অসুস্থ থাকে। এ জন্য আমার খিদমত পূর্ণ করা তার পক্ষে সম্ভব হয়ে উঠে না। তাই বিবাহের প্রয়োজন। কিন্তু ছেলে-মেয়ে আছে এবং মানুষ বলবে যে, লোকটি দু’টি বিবাহ করেছে। তাই সংকোচও হয়। কিন্তু আমি ইবলিসের সাথে যুদ্ধে লিপ্ত, তাতো কেউ দেখেনা বা জানে না। আরেকটা বিবাহ না করলে হয়তো আমার দ্বারা পাপ হয়ে যেতে পারে। তাই পাপ থেকে বেঁচে থাকার জন্য বিবাহ করা যাবে কি-না?
২য় বিবাহ করলে তো ১মা স্ত্রী আমার উপর বেশী অসুন্তুষ্ট হবে। কিন্তু আল্লাহপাক আমার প্রতি সন্তুষ্ট থাকবেন কি না?
উত্তর
একজন স্ত্রী থাকা সত্বেও আপনার আর্থিক ও শারীরিক সামর্থ থাকলে আপনি গুনাহ থেকে বাঁচার বা অন্য কোন উপকারের জন্য বা কোন অসহায় মেয়ের সহায় হওয়ার জন্য আরো তিনটা বিবাহ করতে পারেন। শরী‘আতের দৃষ্টিতে এতে কোন অসুবিধা নেই। যেহেতু আপনার স্ত্রী খুবই অসুস্থ। তাই গুনাহ থেকে বাঁচার জন্য আপনার বিবাহ করা বাঞ্ছনীয় বটে। এতে শরী‘আত মতে, সমাজ বা আপনার ১মা স্ত্রী ও তার সন্তানদের নারাজ হওয়ার বা সমালোচনা করার অধিকার নেই। যারা সমালোচনা করবে বা বাধা দিবে, তারা গুনাহগার হবে। পাপ থেকে বেঁচে থাকার জন্য জায়িয বিবাহ অবলম্বন আল্লাহর সন্তুষ্টি অর্জনেরই উপায় বৈ কি?
তাই এতে আল্লাহ পাকের নারাজ হওয়ার কোন প্রশ্নই আসে না। তবে আর্থিক ও দৈহিক সামর্থ থাকার পরই কেবল একাধিক বিবাহ করা এবং সে ক্ষেত্রে সকল স্ত্রীদের মধ্যে থাকা, খাওয়া পরা এবং রাত্রে স্ত্রীর নিকট স্বামীর অবস্থান প্রভৃতিতে পূর্ণভাবে সমতা বজায় রাখা জরুরী। তাদের মধ্যে এ সকল ব্যাপারে বেশকম করলে এবং সমান ইনসাফ কায়িম না রাখতে পারলে, তজ্জন্য আপনাকে পরকালে কঠিন শাস্তির ভাগী থেকে হবে।
[প্রমাণঃ ফাতওয়া দারুল উলূম,৭:২২৫# সূরা নিসা,১]