ডলারের ব্যবসার শর‘ঈ হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

অনেকে ব্যবসা করার জন্য সিঙ্গাপুরে যায় এবং সেখান থেকে ডলার কিনে নিয়ে আসে। সেই ডলার বাংলাদেশের লোকদের নিকট নব্বই টাকা অথবা কিছু কম বা বেশী টাকায় বিক্রি করে। তাতে অনেক সময়ই লাভ হয়, আবার লোকসানও হয়। শরী‘আতের দৃষ্টিতে এভাবে ব্যবসায় করা বৈধ কি-না?

উত্তর

দেশী নোট থেকে বিদেশী নোট ভিন্ন ধরনের হওয়ার কারণে ইসলামের দৃষ্টিতে তা কম-বেশী করেও বেচা কেনা করা জায়েয। যেমন এক ডলার দিয়ে কেউ বাংলাদেশী ১২০ টাকা গ্রহণ করলো, এটা জায়েয। এক্ষেত্রে ক্রয় বিক্রয়ের সময় অন্ততঃ এক পক্ষের টাকা হস্তগত হওয়াই যথেষ্ট। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে সিঙ্গাপুরে থেকে ডলার কিনে এনে এদেশীয় টাকায় কম-বেশীতে ব্যবসা করা জায়েয । স্মর্তব্য যে, সরকারী বৈধ আইনের প্রতি লক্ষ্য রাখাও কর্তব্য। তাই ডলার ক্রয়-বিক্রয়ের সরকারী নিয়ম কানুনের প্রতিও খেয়াল রাখা চাই ।

তবে একই দেশের টাকার লেন-দেনের বেলায় কম-বেশী করা যাবে না। যেমন- বাংলাদেশী ১০০ টাকার নোট নিয়ে কেউ ৯০ টাকা গ্রহণ করলো, এটা জায়েয নয়। দেশী ছেঁড়া বা ত্রুটিপূর্ণ টাকা পরিবর্তন করাও বেচা-কেনার মধ্যে শামিল । সুতরাং ১০০ টাকার ছেঁড়া নোট দিয়ে ৯০ টাকা গ্রহণ করা সুদের মধ্যে গণ্য হবে। এজন্য উভয়ে গুনাহগার হবে। সুতরাং, উক্ত নোটের বদলে ১০০ টাকাই ফেরত নিতে হবে ।

(প্রমাণঃ জাওয়াহিরুল ফিকহ ৪:৩৪৭, জাদীদ ফিকহী মাসাইল ২:২৩২, মাজাল্লাতু ফিকহিল ইসলামী, ৪: ৬০০)

ডলারের ব্যবসার শর‘ঈ হুকুম | ইসলামী যিন্দেগী