হালখাতার মিষ্টান্ন খাওয়ার হুকুম
প্রশ্ন
আমাদের এলাকায় হালখাতার ব্যাপক প্রচলন রয়েছে। দোকানদাররা সাধারণত যাদের কাছে বাকী আছে তাদেরকে এবং যাদের বাকী নেই কিন্তু ধনী লোক তাদেরকে দাওয়াত করে। যাদের কাছে বাকী আছে তারা তাদের টাকা পরিশোধ করে দেয় এবং অগ্রিম টাকাও দেয়। পরে দোকান থেকে পণ্য সামগ্রী নিয়ে তা শোধ করে। উভয় অবস্থায় দোকানদার তাদেরকে মিষ্টি খাওয়ান। এখন আমার প্রশ্ন হলঃ
(১) যাদের কাছে টাকা পাওয়া যায় তারা টাকা পরিশোধ করে যে মিষ্টান্ন খান তা খাওয়া জায়েয কি না?
(২) যারা অগ্রিম টাকা দিয়ে মিষ্টান্ন খান এবং পরে টাকা পণ্য নিয়ে শোধ করেন, তাদের খাওয়া মিষ্টান্ন কি সুদের অন্তর্ভুক্ত হবে? বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন।
উত্তর
আমাদের জানা মতে হালখাতা উপলক্ষে দোকানদাররা তাদের ক্রেতাদেরকে যে আপ্যায়ন করে থাকে সেটা সাধারণতঃ মেহমনদারীর নিয়্যতেই করে থাকে। সুতরাং, এখানে সুদের কোন অবকাশ নেই। বরং সুদ তো এক্ষেত্রে হত যদি দোকানদাররা এই আপ্যায়নের বিনিময়ে ক্রেতাদের থেকে পাওনা টাকা থেকে অতিরিক্ত কিছু গ্রহণ করত।
তবে এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যাতে শরী‘আতের খেলাফ কোন কাজ না হয়। এবং প্রতি বছর একই তারিখে করতে হবে এরূপ ধারণা থেকে বিরত থাকবে। কারণ ইসলাম কোন দিন তারিখ অনুসরণকে সমর্থন করে না এবং কোন দিনকে অকল্যাণকর মনে করা উচিত নয়। সুতরাং বৈশাখের শুরুতেই করতে হবে এমন মনে করবে না। কারণ এটা বিজাতীয় রীতি যার থেকে বেঁচে থাকা মুসলমানদের কর্তব্য। [প্রমাণঃ আবু দাউদ ২:৫২৫]