অন্যের জন্য কেনা

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

জনৈক ব্যক্তি আমাকে বাজার থেকে একটি জিনিস ক্রয় করে এনে দিতে বলায় আমি তা ক্রয় করে এনে দিয়েছি। জিনিসের ক্রয় মূল্য ছিল সাড়ে তিনশত টাকা। সেক্ষেত্রে আমি তার নিকট উক্ত জিনিসের মূল্য চারশত টাকা প্রকাশ করে ক্রয় মূল্য থেকে ভাড়া ও পারিশ্রমিক বাবদ অতিরিক্ত পঞ্চাশ টাকা নিয়েছি। আমার জন্য এ টাকা নেওয়া জায়েয হয়েছে কি?

উত্তর

আপনি উল্লেখিত জিনিসটা বাজার থেকে এনে দেয়ার জন্য ঐ ব্যক্তির পক্ষ থেকে উকীল হয়েছেন। আর শরী‘আতের দৃষ্টিতে উকীল মুয়াক্কিল এর পক্ষ থেকে আমানতদার হয়ে থাকে। আর আমনতের খিয়ানত করা হারাম। সে অনুযায়ী উল্লেখিত ব্যক্তির জন্য ৩৫০/= টাকা দিয়ে জিনিসটা ক্রয় করে তার নিকট উক্ত জিনিসের মূল্য ৪০০/= টাকা বলে ৫০/= টাকা হাতিয়ে নেয়া আমানতের খিয়ানতের অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। উল্লেখ থাকে যে, উকীল তার দায়িত্ব পালনের উপযুক্ত বিনিময় গ্রহণ করতে পারবে। তবে সেটা পূর্ব থেকেই নির্দিষ্ট করে নিতে হবে বা পরে পরিষ্কারভাবে বলে দিতে হবে। সুতরাং আপনি এমন কাজ করে ফেলার দরুন অন্যায় করেছেন। তাই এখন আপনার করণীয় হল মালিকের ৫০/= টাকা ফেরৎ দেয়া। পথ খরচ লেগে থাকলে তা উল্লেখ করে নিয়ে নেয়া। (প্রমাণঃ মিশকাত শরীফ, ১:১৭ #কানযুল উম্মাল,১:৯২ #হিদায়া, ৩:১৬১-১৬৮ #ইমদাদুল ফাতাওয়া, ৩:৩১৮)

অন্যের জন্য কেনা | ইসলামী যিন্দেগী