নিজেকে পবিত্র রাখতে পারলে বিবাহ না করার হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

কোন যুবক বা যুবতী নিজেকে পবিত্র রাখতে পারলে, তার জন্য বিয়ে না করা জায়েয আছে কিনা?

উত্তর

সাধারণ অবস্থায় বিবাহ করা হুযূর ﷺ-এর সুন্নাত। সাধারণ অবস্থার ব্যতিক্রম হয়ে যিনার মধ্যে পড়ার প্রবল ধারণা হলে, বিবাহ করা ওয়াজিব। হাদীসে হুযূর ﷺ বলেছেন, তোমরা মুহাব্বতকারিনী ও বেশী সন্তানদায়িনী মহিলাদেরকে বিবাহ কর। কেননা- তোমাদের আধিক্য নিয়ে কিয়ামতের দিন আমি অন্যান্য উম্মত সকলের উপর গর্ব করব।” তিনি আরো বলেছেন “বিবাহ করা আমার সুন্নাত। যে আমার এ সুন্নাত থেকে বিমুখ হল, সে আমার তরীকার উপর নেই।” কাজেই হুযূরের ﷺ প্রত্যেক উম্মতের উচিৎ-হুযুর ﷺ-এর সুন্নাত পালনে তৎপর হওয়া এবং এ উম্মতের বৃদ্ধিতে সচেষ্ট হওয়া।

শরী‘আত যেখানে নিজেকে পবিত্র রাখার উদ্দেশে বিবাহের নির্দেশ দিয়েছে, সে ক্ষেতে বিবাহ না করে নিজেকে পবিত্র রাখার কোন প্রশ্নই ওঠে না। কারণ- মানুষের স্রষ্টা আল্লাহ তা‘আলা। তিনিই জানেন যে, তার বান্দা কিভাবে পবিত্র থাকতে পারবে। তিনিই জানেন- বান্দার দুর্বলতা কোথায়? তারই পরিপ্রেক্ষিতে যাবতীয় নির্দেশাবলী দিয়েছেন। তবে যারা শারীরিক দিক দিয়ে অক্ষম বা আর্থিক অবস্থা এত খারাপ যে, বিবির হক আদায় করতে পারবে না, তাদের জন্য ‘উজর’দূর হওয়া পর্যন্ত বিবাহ নিষেধ। সে ক্ষেত্রে রোজার মাধামে তারা নিজেকে সংযত রাখবে। [প্রমাণঃ আবূ দাউদ শরীফ ২৮০#এমদাদুল ফাতাওয়া ৪:৮৯]

নিজেকে পবিত্র রাখতে পারলে বিবাহ না করার হুকুম | ইসলামী যিন্দেগী