স্বামীর চাপের মুখে স্ত্রীর চাকুরী করা

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার, মেয়েদের বিষয়, মহিলাদের বিষয়

প্রশ্ন

একজন মহিলা সরকারী চাকুরী করেন, পর্দা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় তিনি চাকুরী ছেড়ে দিতে ইচ্ছুক। কিন্তু স্বামী চাকুরী করাতে চাচ্ছেন। এখন উক্ত মহিলা স্বামীর হুকুম পালন করে চাকুরী করবেন, নাকি ছেড়ে দিবেন? স্বামীর চাপের মুখে চাকুরী করলে, এর জন্য দায়ী কে হবে?

উত্তর

হাদীস শরীফে আছে-“মহান আল্লাহর নাফরমানী করে কোন বান্দার হুকুম মান্য করা জায়েয নয়”। তাছাড়া যেহেতু রিযিক-উপার্জনের জিম্মাদারী আল্লাহ তা‘আলা মহিলাদের উপর অর্পণ করেন নাই বরং তাকে পর্দার ভিতরে থেকে স্বামীর খিদমত এবং স্বামীর সাংসারিক আভ্যন্তরীন কাজ আনজাম দেয়ার দায়িত্ব অর্পণ করেছেন, বিশেষ করে স্বামীকে দায়িত্ব দিয়েছেন স্ত্রীকে পর্দায় রাখার এবং স্ত্রীর উপর নিজেকে পর্দায় রাখা ফরয করে দিয়েছেন। তাই স্বামীর চাপের মুখে উক্ত স্ত্রীর জন্য চাকুরী করা জায়েয হবে না। বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে মহিলাদের চাকুরী করতে গেলে, অফিস-আদালতে অন্য পুরুষের সাখে দেখা-শুনা, কথা-বার্তা, উঠা-বসা করতে হয়। পর্দা রক্ষা করে চলার কোন সুরত সেখানে থাকে না। তাই এমতাবস্থায় স্বামীর অবৈধ হুকুম মান্য করা জায়েয হবে না। মনে রাখতে হবে- তার জন্য তাকেই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তার আমলনামা তাকেই দেয়া হবে। সেখানে কেউ কারোর দায়িত্ব নিবে না। সুতরাং, স্ত্রীর কর্তব্য হচ্ছে, আল্লাহর নাফরমানীর ভয়াবহ পরিণতি সম্পর্কে স্বামীকে বুঝানো। নিজে বুঝাতে না পারলে আলেম উলামাগণের সহযোগিতা নিবে। আর সংসারে যদি বাস্তবিকই আর্থিক সংকট থাকে-যা দূর করার মত সামর্থ্য স্বামীর নেই তাহলে স্ত্রী নিজেকে পর্দার ভিতরে রেখে হালাল রিযিকের কোন উপায় অবলম্বন করতে পারে। (সূরা নিসা-৩৪, মুসনাদে আহমাদ-১:১৩১, তাফসীরে রুহুল মা আনী, সূরা আহযাবঃ ২৩-৫৯)

স্বামীর চাপের মুখে স্ত্রীর চাকুরী করা | ইসলামী যিন্দেগী