বলপূর্বক অন্যের জমিনে মসজিদে নির্মাণ

মুফতী মনসূরুল হক সাহেব১ জানুয়ারি, ২০২৬মসজিদ মাদরাসা, আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

আমাদের এলাকায় বহু এলাকায় বহু পুরাতন একটি মসজিদ রয়েছে। বর্তমানে উক্ত মসজিদটির সম্প্রসারণ প্রয়োজন। দক্ষিণ পার্শ্বে মসজিদের নিজস্ব জমি থাকা সত্ত্বেও মসজিদ কর্তৃপক্ষ মসজিদের উত্তর পার্শ্বে আমার পৈত্রিক ভিটা বাড়ির চৌহদ্দীর ভিতরে মসজিদ ঘরের সম্প্রসারণ করতে চায়। কিন্তু এতে আমি অস্বীকৃতি জানাই। এখন প্রশ্ন হল, জোরপূর্বক আমার বাড়ির চৌহদ্দীর ভিতর মসজিদ নির্মাণ করা বা সম্প্রসারণ করা জায়িয হবে কি-না এবং কর্তৃপক্ষের বলপূর্বক অন্যের জমিনে মসজিদ সম্প্রসারণ কতটুকু শরী‘আত সম্মত?

উত্তর

কারো মালিকানাধীন জমিনে অন্যদের জন্য জোরপূর্বক মসজিদ নির্মাণ করা জায়িয নয়। মসজিদ নির্মাণ বা সম্প্রসারণ করতে হলে, তার জন্য নির্ভেজাল জমি মসজিদের নামে ওয়াকফ হওয়া জরুরী। আল্লাহর জমিন অত্যন্ত প্রশস্ত। সুতরাং আল্লাহর ঘড় তৈরি বা সম্প্রসারণের নামে অন্যের জমি জবর দখল মারাত্মক জুলুম এবং হারাম। অতএব, আপনার সস্তুষ্টি ব্যতীত সেখানে মসজিদ সম্পসারণ সম্পূর্ণ অবৈধ হবে। অন্যের জমিনে মসজিদ তৈরি করলে, তা শরী‘আতের দৃষ্টিতে মসজিদ বলেই গণ্য হবে না। এবং তার উপর মসজিদের কোন হুকুমও বর্তাবে না। এইরূপে মসজিদে নামায পড়াও মাকরূহ তাহরীমী হবে।

তবে হ্যাঁ, মসজিদের মুসল্লী যদি বেশী হয় এবং মসজিদ সম্প্রসারণের জন্য মসজিদ সংলগ্ন মসজিদের অন্য কোন নিজস্ব জমি না থাকে, তাহলে সে ক্ষেত্রে পার্শ্ববর্তী লোকের থেকে ন্যায্য মূল্য প্রদান করে মসজিদ কর্তৃপক্ষ মসজিদের জন্য জমি নিতে চাইলে, জমির মালিকের কর্তব্য-তা মেনে নিয়ে জমি দিয়ে দেয়া এবং উক্ত জমির টাকা দিয়ে অন্যত্র নিজের জমি করে নেয়া। আল্লাহর ঘরের স্বার্থে এটা তার ঈমানী দ্বায়িত্ব বটে এবং এতে সে অনেক সাওয়াবও লাভ করবে।

এক্ষেত্রে যদি জমির মালিক অযথাই জমি দিতে অস্বীকৃতি জানায় তাহলে প্রয়োজন পরিমাণ জমি বিক্রয়ে তাকে বাধ্য করা যাবে। [প্রমাণঃ ফাতাওয়া শামী ৪:৩৪১; আপকে মাসাইল আওর হল ১৮৫; ফাতাওয়া আব্দুল হাই ১:১৭৫]