দীর্ঘ মেয়াদী বাকীতে কোন জন্তু ক্রয় করা
প্রশ্ন
জনৈক ব্যক্তি দীর্ঘ মেয়াদের বাকীতে বর্তমান বাজার মূল্য হতে একশত টাকা বেশী দরে পাঁচ মন ধান ক্রয় করল। বিক্রেতার নিকট থেকে মাল বুঝে নেয়ার আগেই উক্ত ব্যক্তি অন্যের নিকট সেই পাঁচ মন ধান বাজার ক্রয়মূল্য হতে মন প্রতি একশত টাকা কমে বিক্রয় করল এবং দ্বিতীয় ক্রেতা প্রথম বিক্রেতার নিকট থেকে মাল বুঝে নিল। উভয়ের ক্রয়-বিক্রয় শরী‘আতের বিধান মুতাবিক জায়েয হবে কি-না?
উত্তর
কোর জিনিষ বাকীতে বিক্রি করার কারণে বর্তমান বাজার দর থেকে তার মূল্য বেশী ধার্য করা শরী‘আতের দৃষ্টিতে জায়েয আছে। তবে এর জন্য মাত্রাতিরিক্ত মুনাফা অর্জন করা মানবতাবিরোধী।
এ হিসেবে প্রথম ব্যক্তির ক্রয় সঠিকই হয়েছে। তবে ক্রয়-বিক্রয়ের জন্য যেসব শর্ত রয়েছে, তন্মধ্যে একটি শর্ত হচ্ছে এই যে, বিক্রেতার নিকট থেকে ক্রেতার ক্রয়কৃত বস্তুটি বুঝে নিতে হবে। তারপর নিজে রাখতে পারে বা অন্যের নিকট বিক্রয় করতে পারে। সুতরাং, ক্রেতা বিক্রেতার নিকট থেকে উক্ত জিনিষ বুঝে নেয়ার আগে কারো কাছে বিক্রয় করলে তা শুদ্ধ হবে না। তাই এখানে দ্বিতীয় ব্যক্তির বিক্রয় শরী‘আত মুতাবিক শুদ্ধ হয়নি। আর এ ক্রয়-বিক্রয় বৈধ করার পন্থা হল যে, প্রথমত উক্ত পাঁচ মন ধান বিক্রেতার নিকট থেকে প্রথম ক্রেতার হস্তগত হতে হবে। অত:পর নতুন ভাবে লেন-দেন সাব্যস্ত করে অন্যের নিকট তা বিক্রয় করতে হবে। (প্রমাণঃ শামী ৫:১৪৯, ফাতাওয়া মাহমুদিয়া ৬:২৯১, বেহেশতী যেওর ৫:১৭)