ইশরাক নামাযের নিয়ম

মুফতী মনসূরুল হক সাহেব৭ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

ইশরাকের নামায কত রাক’আত? এ নামাযের জন্য বিশেষ কোন নিয়ম আছে কি? অনেকে বলে থাকেন, প্রতি রাক’আতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস তিনবার পড়তে হয়। এ মত কতটুকু সঠিক? ইশরাক নামাযের ফযীলত সম্পর্কে কুরআন হাদীসের আলোকে জানতে ইচ্ছুক।

উত্তর

ইশরাকের নামায চার রাক’আত, দু’ রাক’আতও পড়তে পারে। তা আদায় করার পদ্ধতি হুবহু অন্যান্য নফল নামাযের মতই। এর জন্য পৃথক ও ভিন্ন কোন নিয়ম নেই। পবিত্র কুরআন ও রাসূলের হাদীসে এতদসংক্রান্ত অসংখ্য ফযীলত বর্ণিত রয়েছে। হাসীসে কুদসীতে আল্লাহ পাক ইরশাদ করেন-“হে ‍মুমিনগণ ! তোমরা দিনের প্রথম ভাগে আমার জন্য চার রাক’আত নামায পড়। আমি তোমাদের পুরো দিনের জন্য যথেষ্ট হয়ে যাব।” [প্রমাণ: মিশকাত শরীফ ১:১১৬]

হযরত আনাস রা. থেকে বর্ণিত- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- যে ব্যক্তি ফজরের নামায জামা’আতে আদায় করে সূর্যোদয় পর্যন্ত ‍যিকিরে মশগুল থাকে, অতঃপর দুই রাক’আত নামায আদায় করে সে একটি পূর্ণ হজ্জ ও উমরার সাওয়াব পাওয়া পাবে। [প্রমাণঃ মিশকাত ১:১১৬ # আহসানুল ফাতওয়া ৩:৪৬৫]

ইশরাক নামাযের নিয়ম | ইসলামী যিন্দেগী