মসজিদের কোণায় নির্মিত কামরায় স্ত্রীসহ বসবাস করা
প্রশ্ন
মসজিদের নির্মাণকালে উক্ত মসজিদের দ্বীতীয় তলায় এক পার্শ্বে মুআযযিন সাহেবের জন্য একটি কামরা নির্মাণ করা হয়। উক্ত কামরায় মুআযযিন সাহেবের জন্য স্ত্রীসহ বসাবাস করা জায়িয হবে কি?
উত্তর
মসজিদ নির্মাণকালে অথবা মসজিদের ঘোষণা দিয়ে নিয়মিত নামায আরম্ভ করার আগেই যদি ইমাম ও মুআযযিনের থাকার জন্য অথবা মসজিদের অন্য কোন প্রয়োজনে মসজিদের ছাদের উপর কিংবা নীচে কোন কক্ষ নির্মাণ করা হয়, তবে প্রয়োজনবশতঃ এরূপ করার কোন অসুবিধা নেই। তবে উক্ত কামরা এমনভাবে নির্মাণ করতে হবে যেন, কামরাবাসীর উযু-গোসলের প্রয়োজন মিটাতে মসজিদের ভিতর দিয়ে অতিক্রম করতে না হয়। আর কামরাও যেহেতু মসজিদের হুকুম বলবৎ থাকবে; সুতরাং সেখানে স্ত্রী সহবাস করা যাবে না তবে বসবাস করা যাবে। তেমনিভাবে যে সকল কাজ মসজিদে করা জায়িয নয়, যেমন, প্রসাব-প্রায়খানা ইত্যাদি, এগুলোও উক্ত কামরায় করা জায়িয হবে না। তবে, কামরা যদি মসজিদ থেকে পৃথক হয়, তাহলে সেখানে স্ত্রী সহবাস করাতে কোন অসুবিধা নেই ।
আর ওয়াকফ্কৃত স্থানে মসজিদ নির্মিত হয়ে যাওয়ার পর ছাদের উপর অথবা পুনঃনির্মাণকালে ছাদের উপর এ ধরণের কামরা বানানো জায়িয হবে না। কারণ, যেখানে শর‘ঈ মসজিদ নির্মাণ করা হয়, উক্ত জায়গার নীচে বা উপরে সম্পূর্ণটা মসজিদের হুকুমে হয়ে যায়। সুতরাং, সেখানে মসজিদের প্রয়োজনে অথবা অন্য কোন প্রয়োজনে এ জাতীয় কামরা নির্মাণ করা জায়িয হবে না। [প্রমাণঃ আদদুরল মুখতার ৪:৩৫৮; ফাতাওয়া শামী ১:৬৫৬; আযীযুল ফাতাওয়া ২১০; আহসানুল ফাতাওয়া ৬:৪৪৪]