বাড়ি ভাড়ার বিনিময়ে গৃহ ঋণ গ্রহণ করা
প্রশ্ন
কোন ব্যক্তি বা কোন ব্যাংক যদি কাউকে বাড়ী করার জন্য এই শর্তের উপর ঋণ দেয়, নির্ধারিত সময়ের মধ্যে বাড়ী নির্মাণে যে পরিমাণ টাকা ঋণ দেয়া হবে, ঐ পরিমাণ টাকাই ফেরত দিতে হবে এবং টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত উক্ত বাড়ীর যা ভাড়া আসবে, তা থেকে ঋণদাতাকে অংশ হিসাবে নির্ধারিত পরিমাণ টাকা দিতে হবে। উল্লেখিত শর্ত অনুযায়ী টাকা ঋণ এনে বাড়ী করা জায়েয হবে কি না? এবং ভাড়া থেকে নিদিষ্ট অংশ দেয়া সুদ হবে কিনা?
উত্তর
প্রশ্নের বর্ণনা মতে ব্যক্তি বা ব্যাংকের সাথে বাড়ী নির্মাণকারীর যে চুক্তি হয়েছে, তা ঋণ বা ঋণের চুক্তি আর শরী‘আতে ঋণ দিয়ে বেশী উসূল করা সুদ ও হারাম। রাসূলুল্লাহ ﷺ বলেছেন- ঋণ দিয়ে লাভ -গ্রহণ করা বা বেশী নেয়া সুদ। সুতরাং, জায়েয লেন-দেন করতে হলে, ঋণদাতা ব্যক্তি বা ব্যাংক কর্তৃপক্ষ প্রদেয় টাকা থেকে বেশী গ্রহণ করতে পারবে না। বাড়ী নির্মাণকারীও পরিশোধের বেশী দিতে পারবে না। মূল ঋণের থেকে বেশী লেন-দেন সুদ হবে এবং উভয়পক্ষ গুনাহগার হবে। (প্রমাণঃ বাদায়িয়ুস সানায়ি- ৭:৩৯৫)
তবে এ জাতীয় লেন-দেন জায়েয ভাবে করতে হলে এভাবে করতে পারে যে, ঋণ দাতা নিজের লোক দ্বারা বাড়ী তৈরীর সামগ্রী খরিদ করে একটু বেশী দামে নির্ধারিত সময়ের জন্য বাকীতে বাড়ী নির্মাণকারীর নিকট বিক্রি করে দিবে এবং বাড়ীওয়ালা নির্ধারিত সময়ের মধ্যে মালের দাম পরিশোধ করে দিবে। (প্রমাণঃ ইমদাদুল মুফতীন, ৮৫৯ # আল-বাহরুক রায়িক ৬:১১৪)