যাকাতের টাকা দিয়ে গরীব ব্যক্তিকে বিদেশ পাঠানোর হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব১১ জানুয়ারি, ২০২৫যাকাত

প্রশ্ন

আমার এক ভাইয়ের ছেলের নিজস্ব কোন সহায় সম্পদ নেই। বর্তমানে সে যে কাজ করে এতে তার সংসার চলে না। যাকাতের টাকা দিয়ে তাকে বিদেশে পাঠানো যাবে কি-না? যদি দেয়া যায় তাহলে কিভাবে দেওয়া যায়?

উত্তর

যাকাতের এমন হকদার যে ঋণমুক্ত তাকে এক সাথে নিসাব পরিমান বর্তমানে প্রায় ৮৫০০ টাকা দেয়া মাকরূহ। কাজেই আপনার ভাইকে বিদেশে পাঠানোর জন্য এক সাথে নিসাব পরিমাণ যাকাত দেওয়া মাকরূহ। সহজ সুরত হলো যে, প্রথমে সে কারও নিকট থেকে টাকা ঋণ নিয়ে বিদেশে যাওয়ার খরচাদি সম্পন্ন করবে। অতঃপর আপনি ঋণ পরিশোধের জন্য তাকে যাকাতের পরিমাণ নিসাবের চেয়ে বেশী হলেও অসুবিধা নেই।

উল্লেখ্য যে, একান্ত প্রয়োজনের সময় কোন অমুসলিম দেশে যাওয়া এবং সেখানে অবস্থান করে বৈধ চাকুরী করা এই শর্তে জায়েয আছে যে, সেখানে অবস্থান করার সময় বাস্তব জীবনে দ্বীনের হুকুম-আহকাম পালন করার ব্যাপারে আস্থাশীল হবে এবং সেখানে প্রচলিত ইসলাম বিরোধী এবং অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার ব্যাপারেও আস্থাশীল হবে। যে দেশে দ্বীন- ঈমান নষ্ট হওয়ার আশংকা আছে, সে দেশে যাওয়া, অবস্থান করা জায়িয নেই।

[প্রমাণঃ আহসানুল ফাতওয়া, ৪:২৩৩ #ফাতওয়া শামী, ২:৩৫৩ #খাইরুল ফাতওয়া, ৩: ৪০৬]

যাকাতের টাকা দিয়ে গরীব ব্যক্তিকে বিদেশ পাঠানোর হুকুম | ইসলামী যিন্দেগী