ফুফাত ভাইয়ের মেয়েকে বিবাহ করা

মুফতী মনসূরুল হক সাহেব১৪ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

আজ প্রায় চৌদ্দ বছর যাবত আমি ফুফাত ভাইয়ের বাড়িতে থেকে পড়াশুনা করছি। ফুফাত ভাই আমার অভিভাবক ফুফাত ভাইয়ের মেয়ে আমাকে আপন কাকার মত শ্রদ্ধা করে। প্রশ্ন হচ্ছে, এমন ফুফাত ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে কি? উল্লেখ্য যে, সামাজিকভাবে এটাকে অত্যন্ত খারাপ দৃষ্টিতে দেখা হয়। তাই এ মুহূর্তে আমার করণীয় কি? জানতে ইচ্ছুক।

উত্তর

আল্লাহপাক পবিত্র কুরআনে মুহাররামাতের (যাদের সাথে বিবাহ হারাম) একটি তালিকা দিয়েছেন। এদের মধ্যে ফুফাত, মামাত ও চাচাত বোন অন্তর্ভুক্ত নয়। সুতরাং ফুফাত ভাইয়ের মেয়েকে বিবাহ করা নিঃসন্দেহে জায়িয এবং এটাকে না জায়িয মনে কবা হারাম এবং এর দ্বারা ঈমান চলে যাওয়ার আশংকা রয়েছে। সামাজিকভাবে এটাকে খারাপ দৃষ্টিতে দেখা হয়, এটা একটা কুসংস্কার মাত্র। সুতরাং আপনি এবং আপনার অভিভাবকগণ যদি এ বিবাহকে মঙ্গলজনক মনে করেন তাহলে সামাজিক কুসংস্কার উপেক্ষা করে বিবাহ করতে পারেন। শুধু তাই নয়; বরং এ ধরনের কুসংস্কার কার্যকরীভাবে নির্মূল করার জন্য এ বিবাহ বিশেষ সওয়াবের কাজ বলে বিবেচিত হবে।

[প্রমাণঃ রদ্দুল মুহতার ৪:৯৯]

ফুফাত ভাইয়ের মেয়েকে বিবাহ করা | ইসলামী যিন্দেগী