মেয়েদের জন্য পুরুষের কাপড় ও শাড়ী-ব্লাউজ পরিধান করা

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫মেয়েদের বিষয়, মহিলাদের বিষয়, পোশাক পরিচ্ছদ

প্রশ্ন

আজকাল অনেক দীনদার মহিলা পুরুষদের কল্লিদার পাঞ্জাবীর মত জামা পরিধান করে। এতে সাধারণতঃ এতটুকু পার্থক্য দেখা যায় যে, পুরুষদের জামার দুই সাইডে পকেট থাকে বুক পকেট থাকে, কিন্তু মেয়েদের পরিহিত পাঞ্জাবীর মধ্যে পকেটই থাকে না।। গলাটা অনেক মহিলারাই পুরুষদের গলার ন্যায় পরে। আর কেউ কেউ সামান্য পরিবর্তন করে নেয়। আর কোন পার্থক্য দেখা যায় না। অনেক দীনদার মহিলাগণ এটাকেই মেয়েদের জন্য সুন্নাতী লেবাস মনে করে। এটা শরী‘আতের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য। মেয়েদের জন্য উত্তম লেবাস কি? শাড়ী-ব্লাউজ পরা কি হিন্দুয়ানী তরিকা?

উত্তর

পুরুষদের জন্য যেমন মহিলাদের লেবাস বা মহিলাদের লেবাসের মত কোন লেবাস বা জামা ইত্যাদি পরিধান করা হারাম, তেমনিভাবে মেয়েদের জন্য পুরুষদের লেবাস বা পুরুষদের লেবাসের ন্যায় কোন লেবাস পরা হারাম।

প্রশ্নে বর্ণিত পার্থক্য দ্বারা মেয়েদের ঐ জামা পুরুষদের জামা থেকে উল্লেখযোগ্য কোন পার্থক্য বুঝা যায় না। বরং ওটা পুরুষদেরই জামা বলতে হবে। কারণ- পকেটবিহীন জামা পুরুষরাও পরে। কাজেই এ ধরনের জামা মেয়েদের জন্য পরার মোটেই অনুমতি নেই। এরূপ জামা পরার অর্থ হল-২৪ ঘন্টা হারামের মধ্যে ডুবে থাকা এবং আল্লাহ তা‘আলার লানতের পাত্র হওয়া। কারণ, যে সব মহিলারা পুরুষদের ন্যায় লেবাস পরে, তাদের উপর আল্লাহ তা‘আলার লানত (অভিসম্পাত) বর্ষিত হয় বলে হাদীসে হুশিয়ারী এসেছে। (প্রমাণঃ মিশকাত-৩৮০, মুসান্নাফে আব্দুর রাজ্জাক-৭৯৩১)

মেয়েদের উত্তম লেবাস হল, সেলোয়ার এবং এমন ঢিলা -ঢোলা কামিজ যার দ্বারা শরীরের অঙ্গসমূহ ফুটে ওঠে না এবং হাটুর নীচ পর্যন্ত লম্বা হয়। সাথে বড় ওড়না। আর এসব কিছু এমন মোটা কাপড়ের থেকে হবে, যাতে শরীরের রং বা আকার পরিদৃষ্ট না হয়।

আমাদের দেশের অধিকাংশ মেয়েরা যে শাড়ী ও ব্লাউজ পরে, তা নাজায়েজ নয়। শাড়ীকে হিন্দুয়ানী লেবাস বলা যায় না। তা বাঙ্গালী মুসলমানদের নিত্য পরিধেয়। তবে মেয়েরা যেভাবে ওগুলো পরে (অর্থাৎ পেট-পিঠ দেখা যায়, কোন অংগের গঠন ফুটে উঠে), সেভাবে পরা জায়েয হবে না। এতে তাদের সতর ঠিকমত না ঢাকার কারণে বেপর্দার গুনাহ হচ্ছে, অন্যদিকে নামায হচ্ছে না। কাজেই শাড়ী পরতে হলে, নীচে পেটিকোট অবশ্যই পরবে। আর ব্লাউজ ফুল হাতা পরবে এবং কোমর পর্যন্ত ঢেকে যায় এতটুকু লম্বা পরবে।

এছাড়াও সম্ভব হলে, মাথা ও শরীর ঢাকার জন্য একটা বাড়তি উড়না ব্যবহার করবে। মনে রাখবে-ছেলে, ভাই, বাবা, তাদের সাথে দেখা সাক্ষাৎ জায়েয হলেও নিজের পেট, পিঠ ইত্যাদি তাদের সামনে খোলা রাখা বা দেখানো জায়েয নয়। (প্রমাণঃ কিফায়াতুল মুফতী-৫:৪৩১:৪৩২)

মেয়েদের জন্য পুরুষের কাপড় ও শাড়ী-ব্লাউজ পরিধান করা | ইসলামী যিন্দেগী