বিবাহ অনুষ্ঠানে বাজনার আয়োজন করা

মুফতী মনসূরুল হক সাহেব১৬ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

আমাদের গ্রামের একজন মুফতী সাহেব কিছুদিন আগে বয়ানে বললেন, বিবাহ অনুষ্ঠানে গান-বাজনা জরুরী এবং তা করা না করা হলে, উক্ত বিবাহ হারাম হয়ে যাবে। এতদসংক্রান্ত বর্ণনা বুখারী শরীফে রয়েছে বলে তিনি উল্লেখ্য করেছেন। এ ব্যাপারে বিস্তারিত জানতে ইচ্ছুক।

উত্তর

মুসলমানদের বিবাহ অনুষ্ঠানে গান-বাজনার আয়োজন করা সম্পূর্ণরূপে হারাম। এমনকি যারা উক্ত কাজকে হালাল বা জায়িয বলে মনে করেন, তাদের ঈমান চলে যাওয়ার আশংকা রয়েছে। কেননা, গান-বাদ্য শরী‘আতের দৃষ্টিতে হারাম। আর হারাম কাজকে হালাল বা জায়িয মনে করলে ঈমান চলে যায়। সুতরাং মুসলমানদের এরূপ হারাম কাজ বর্জন করা অপরিহার্য। যারা এরূপ কাজ করে তারা ফাসিক। আর যে ব্যক্তি গান-বাজনার অনুমতি দেয় সেও নিঃসন্দেহে ফাসিক। এমন ব্যক্তির জন্য ইমামতী করা মাকরূহ তাহরীমী।

অতএব, যারা গান-বাজনা করে অথবা গান-বাজনা করার অনুমতি দেয়, তাওবা না করলে, এমন লোকদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত। আর মুসলমানদের এ ধরনের বিবাহ অনুষ্ঠান বর্জন করা উচিত।

অবশ্য ছোট শিশুদের দ্বারা কোন প্রকার বাদ্য বাজানো ছাড়া শালীন অর্থবোধক কবিতা বা গযল আবৃত্তি করা যেতে পারে। আর হাদীসে কেবল এতটুকুরই অনূমতি দেয়া হয়েছে।

প্রশ্নে বর্ণিত নামধারী আলেম সম্ভবতঃ উক্ত হাদীসের অর্ধ না বুঝে উল্টা ফাতওয়া দিয়েছেন। এ ধরনের লোকদের থেকে সাধারণ মুসলামানদের দূরে থাকা ঈমানী দায়িত্ব।

[প্রমাণঃ আযীযুল ফাতওয়া ১:৭৪৬ #সুরাহ লুকমান ৬ #তাফসীরে মা‘আরিফুল কুরআন ৭:২৫-২৭]

বিবাহ অনুষ্ঠানে বাজনার আয়োজন করা | ইসলামী যিন্দেগী